প্রভাব পড়েছে ওপেনএআই ও অ্যানথ্রপিকেও
টানা ৯ ঘণ্টারও বেশি সময় ধরে অচল মাইক্রোসফটের সেবা
ডেইলি সান রিপোর্ট, বিজ্ঞান ও প্রযুক্তি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫২ এএম
ছবি: সংগৃহীত
টানা ৯ ঘণ্টারও বেশি সময় ধরে মাইক্রোসফট ৩৬৫, আউটলুক, টিমসসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাপে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ও শুক্রবার (১৩ নভেম্বর) দুই দিন ধরে চলা এ বিভ্রাটের প্রাথমিক সমাধানের চেষ্টাগুলো ব্যর্থ হওয়ায় সেবাগুলো পুনরায় অনলাইনে ফিরিয়ে আনতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফটকে।
তবে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে, এর পেছনে কোনো সাইবার হামলার আলামত পাওয়া যায়নি।
বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১টার দিকে মাইক্রোসফট ৩৬৫-এ সমস্যার অভিযোগ হঠাৎ বেড়ে যায়। বিশ্বের ৭৪টি দেশ থেকে প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারী ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক, টিমস এবং এন্টারপ্রাইজ সেবা শেয়ারপয়েন্ট ও ওয়ানড্রাইভ ব্যবহারে সমস্যার কথা জানান।
এছাড়া এআই অ্যাসিস্ট্যান্ট কোপাইলটও এই বিভ্রাটের কবলে পড়ে।
মাইক্রোসফট ধারণা করছে, মাইক্রোসফট ৩৬৫ সচল রাখার দায়িত্বে থাকা সার্ভারগুলোর সেটিংসে কোনো ত্রুটির কারণে এই বিভ্রাট ঘটে থাকতে পারে। সেবা ফিরিয়ে আনতে প্রতিষ্ঠানটি সাম্প্রতিক আপডেট বাতিল করা এবং ক্ষতিগ্রস্ত সার্ভারগুলোতে ট্রাফিক সীমিত করার মতো বেশ কিছু পদক্ষেপ নেয়।
কিন্তু যখনই সমাধানগুলো প্রয়োগ করে ট্রাফিক ফিরিয়ে আনা হচ্ছিল, তখনই সার্ভারগুলো আবার অচল হয়ে পড়ছিল।
শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় ভোর সাড়ে ৩টা নাগাদ মাইক্রোসফট জানায়, তাদের ‘এক্সচেঞ্জ’ সেবা— যা মূলত আউটলুক ইমেইল সেবার ব্যাক-এন্ড হিসেবে কাজ করে, এগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব পড়েছে এর ওপর নির্ভরশীল অন্যান্য পণ্যেও।
মাইক্রোসফটের কোপাইলট বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস লামান্না সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘‘আজকের এই বিভ্রাটের কারণে আমাদের গ্রাহকদের যে ভোগান্তি হয়েছে, তার জন্য আমরা দুঃখিত এবং সমস্যাটি সমাধানে আমরা কাজ করছি। এখন পর্যন্ত আমি নিশ্চিত করতে পারি যে এটি কোনো ক্ষতিকর বা সাইবার কর্মকাণ্ডের ফল নয়।’’
ওপেনএআই ও অ্যানথ্রপিকেও প্রভাব
মাইক্রোসফটের এই বিভ্রাটের প্রভাব পড়েছে ওপেনএআই এবং অ্যানথ্রপিক- এর এআই সেবাগুলোতে ব্যবহৃত কানেক্টরগুলোর ওপরও।
ওপেনএআই জানিয়েছে, মাইক্রোসফট কানেক্টরে সমস্যার কারণে নতুন সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। টুলগুলোও প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না।
অ্যানথ্রপিকও তাদের মাইক্রোসফট ৩৬৫ কানেক্টরে সমস্যার কথা স্বীকার করেছে।
গত মাসেও মাইক্রোসফটের ‘অ্যাজুর’ ক্লাউড প্ল্যাটফর্মে বিভ্রাটের কারণে বিশ্বজুড়ে বিভিন্ন শিল্পে কাজ ব্যাহত হয়েছিল। অস্ট্রেলিয়ার আরএমআইটি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগী অধ্যাপক মার্ক গ্রেগরি বলেন, এই বিভ্রাটটি মাইক্রোসফট সিস্টেমের নেটওয়ার্ক স্তরকে প্রভাবিত করেছে। কিছু সার্ভারে কনফিগারেশন সমস্যা দেখা দিলে গ্রাহকরা ক্লাউড সেবা পেতে অবশিষ্ট অল্প সংখ্যক সার্ভারের ওপর চাপ সৃষ্টি করেন।
এতে বাকি সার্ভারগুলোও অতিরিক্ত চাপে অচল হয়ে পড়ে, যা একটি ধারাবাহিক বিপর্যয় বা 'ক্যাসকেডিং প্রবলেম' তৈরি করে।
গ্রেগরির মতে, লাইভ নেটওয়ার্কে কোনো পরিবর্তন আনার আগে তা ভালোভাবে পরীক্ষা করা উচিত। পাশাপাশি যেসব ব্যবসা প্রতিষ্ঠান মাইক্রোসফট ৩৬৫-এর মতো ক্লাউড সেবার ওপর নির্ভরশীল, তাদের সবসময় বিকল্প ব্যবস্থা বা ব্যাকআপ রাখা জরুরি। যেমন—মাইক্রোসফট অচল হলে জিমেইল ব্যবহার করা, কিংবা জিমেইল অচল হলে মাইক্রোসফট ব্যবহার করা।