EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

অ্যানথ্রপিকের নতুন এআই মডেলে ঝুঁকির সতর্কতা

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম

অ্যানথ্রপিকের নতুন এআই মডেলে ঝুঁকির সতর্কতা

নতুন দুই মডেল এনে ঝুঁকির সতর্কতাও দিল অ্যানথ্রপিক।

অ অ

এআইয়ের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ার মধ্যেই জনপ্রিয় চ্যাটবট ক্লডের নতুন দুটি মডেল ‘ফেইবল ৫.২’ ও ‘মিথোস ৫.২’ চালু করেছে মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। মডেল দুটির সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রতিষ্ঠানটি নিজেই সতর্কবার্তা দিয়েছে। এগুলো তাদের সবচেয়ে শক্তিশালী এআই কাঠামোর হালনাগাদ সংস্করণ। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

অ্যানথ্রপিক বলছে, নতুন মডেলগুলো আগের যেকোনো মডেলের চেয়ে বেশি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে, এমন ধারণা তৈরি হয়েছে। এতে বাস্তব পরিস্থিতিতে মডেলগুলোর আচরণ মূল্যায়নের সক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়ছে। সময়ের সঙ্গে সমস্যাটি আরও প্রকট হতে পারে। প্রতিষ্ঠানটির ভাষ্য, মানুষের নজরদারিতে ধরা পড়ার কথা এমন সংকেত লুকিয়ে রাখা বা এড়িয়ে যাওয়ার ক্ষমতা ‘মিথোস ৫.২’ আগের চেয়ে বেশি দেখিয়েছে। তবু তাদের দাবি, মডেলটির মাধ্যমে মানুষের সরাসরি ক্ষতির আশঙ্কা কম।

স্বাধীন মূল্যায়ন সংগঠন এমইটিআরের নিরাপত্তা প্রতিবেদন প্রকাশের পর এটিই অ্যানথ্রপিকের প্রথম নতুন মডেল। ওই প্রতিবেদনে সংগঠনটি সতর্ক করেছিল, প্রতিষ্ঠানটির মডেলগুলো শিগগিরই ‘পুনরাবৃত্তিমূলক আত্ম-উন্নয়নের’ পর্যায়ে পৌঁছাতে পারে। তখন মডেলগুলো মানুষের হস্তক্ষেপ ছাড়াই নিজেদের নতুন করে প্রশিক্ষণ দিতে পারবে। চলমান আইপিও প্রক্রিয়ার নথিতে অ্যানথ্রপিকও একই ধরনের সতর্কতা দিয়েছে। সমর্থকেরা একে উন্নতির গতি বাড়ানোর সুযোগ হিসেবে দেখলেও সমালোচকেরা বলছেন, এতে মানুষের তদারকির বাইরে ঝুঁকিপূর্ণ আচরণ তৈরি হতে পারে।

অ্যানথ্রপিকের দাবি, নতুন মডেল দুটি আগেরগুলোর চেয়ে ৩০ শতাংশ দ্রুত ও সাশ্রয়ী এবং অস্পষ্ট নির্দেশনা বুঝতে আরও পারদর্শী। উন্মোচনের আগেই বিজ্ঞানের গবেষণায় ভূমিকা রেখেছে বলেও জানিয়েছে তারা। প্রতিষ্ঠানটির দাবি, এর মধ্যে ‘ফেইবল ৫.২’ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের দুটি অমীমাংসিত সমস্যার সমাধান করেছে।

বর্তমানে ‘ফেইবল ৫.২’ সবার জন্য উন্মুক্ত। জৈবিক বা সাইবার হামলায় অপব্যবহার ঠেকাতে ‘মিথোস ৫.২’ কেবল যাচাইকৃত ও অনুমোদিত ব্যবহারকারীদের জন্য রাখা হয়েছে।

আরও পড়ুন