EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

এআই প্রশিক্ষণে ডেটা সংগ্রহের শর্ত স্থগিত করল মেটা

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

এআই প্রশিক্ষণে ডেটা সংগ্রহের শর্ত স্থগিত করল মেটা

বিতর্কিত শর্তাবলী স্থগিত করেছে ফেইসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা।

অ অ

ব্যবসায়িক অ্যাকাউন্টের নতুন শর্তাবলী আপাতত স্থগিত করেছে ফেইসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা। ব্যবহারকারীদের ওয়েবসাইট থেকে ডেটা সংগ্রহ (স্ক্র্যাপিং) করে এআই প্রশিক্ষণে ব্যবহারের এখতিয়ার-সংক্রান্ত এই শর্ত নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মুখে কোম্পানিটি সিদ্ধান্ত থেকে সরে এল।

অক্টোবরের মাঝামাঝি হালনাগাদ শর্তাবলীর খবর প্রকাশ্যে আসার পর ক্ষোভ ছড়ায়। নতুন নিয়মে মেটার প্ল্যাটফর্মগুলোতে ব্যবসায়িক অ্যাকাউন্ট চালানো গ্রাহকদের নিজস্ব ওয়েবসাইট থেকে ডেটা সংগ্রহ এবং পরে তা মেটার নিজস্ব এআই মডেল প্রশিক্ষণে ব্যবহারের সুযোগ পেত ফেইসবুক ও ইনস্টাগ্রাম।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাজনীতিকসহ সমালোচকেরা এর তীব্র বিরোধিতা করেন। তাঁদের যুক্তি, প্ল্যাটফর্ম ব্যবহারের শর্ত হিসেবে ব্যবসায়ীদের নিজস্ব ওয়েবসাইটের নিয়ন্ত্রণ ছাড়তে বাধ্য করা হচ্ছে, যা কনটেন্ট প্রকাশক ও কোম্পানির মালিকদের ওপর অন্যায্য চাপ।

পরবর্তী সপ্তাহগুলোতে একাধিক গণবিজ্ঞপ্তি দিয়ে ও শর্তে পরিবর্তন এনে ক্ষোভ প্রশমনের চেষ্টা করে মেটা। ব্যবহারকারীদের তৈরি কাজ বা ডেটা সরাসরি এআই সিস্টেমে ব্যবহারের আশঙ্কা দূর করতে নতুন নিয়ম থেকে ‘ট্রেইন’ (প্রশিক্ষণ) শব্দটিও মুছে ফেলা হয়। শেষ পর্যন্ত কার্যকরের সময়সীমা পিছিয়ে বিতর্কিত হালনাগাদগুলো স্থগিতের ঘোষণা দেয় কোম্পানিটি।

এর আগে ২০ নভেম্বর থেকে নতুন নিয়ম কার্যকরের কথা ছিল। ৩০ অক্টোবর চূড়ান্ত সময়সীমা নির্ধারিত থাকলেও প্রতিবাদের মুখে তা একাধিকবার পেছানো হয়।

মেটার বিজনেস হেল্প সেন্টারের হালনাগাদ পাতায় বলা হয়েছে, সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে এবং জানানোর মতো নতুন কিছু থাকলে পরে বিস্তারিত জানানো হবে। এ সময় প্রচলিত শর্তাবলীই বহাল থাকবে।

আরও পড়ুন