টিকটক শপ অ্যাপ চালু, কোন কোন দেশে মিলছে?
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম
টিকটক শপ নামে আলাদা কেনাকাটার অ্যাপ এনেছে টিকটক। ছবি: রয়টার্স
টিকটকের মূল অ্যাপ থেকে আলাদা করে ‘টিকটক শপ’ নামে স্বতন্ত্র একটি কেনাকাটার অ্যাপ চালু হয়েছে। অ্যাপটি আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মের জন্য পাওয়া যাচ্ছে। বর্তমানে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনসহ বিশ্বের কয়েকটি দেশে এটি ব্যবহার করা যাচ্ছে। প্রযুক্তি সংবাদভিত্তিক সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম পরামর্শক ম্যাট নাভারা প্রথম এই পরিবর্তন লক্ষ করেন।
টিকটকের মাধ্যমে পণ্য কেনাবেচা ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়। তাই এই খাতকে আলাদা অ্যাপ হিসেবে বড় পরিসরে নিয়ে যাওয়াকে যৌক্তিক সিদ্ধান্ত বলে মনে করছেন প্রযুক্তি-সংশ্লিষ্টরা।
নতুন অ্যাপটিকে টিকটকের কেনাকাটার সুবিধার পরিমার্জিত ও সহজ সংস্করণ বলা চলে। এতে ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ব্যক্তিগতকৃত পণ্যের সুপারিশ দেওয়া হবে। পাশাপাশি লাইভস্ট্রিম ও ছোট ভিডিওর মাধ্যমে সরাসরি কেনাকাটা করা যাবে। গ্রাহক আকৃষ্ট করতে রয়েছে বিনামূল্যে পণ্য পৌঁছে দেওয়ার বিশেষ অফার। নিরাপদ কেনাকাটার জন্য অ্যাপটিতে সুরক্ষিত পেমেন্টের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
এই পদক্ষেপের মাধ্যমে টিকটক অন্য জনপ্রিয় ই-কমার্স অ্যাপের সঙ্গে আরও সরাসরি প্রতিযোগিতায় নামছে বলে ইঙ্গিত মিলছে।
বিশ্বের অন্যান্য অঞ্চলে অ্যাপটি কবে চালু হবে কিংবা যুক্তরাষ্ট্রে আসবে কি না, সে বিষয়ে টিকটক এখনো কিছু জানায়নি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের টিকটক এবং বিশ্বজুড়ে পরিচালিত টিকটক পরিচালনা ও কাঠামোগত দিক থেকে দুটি ভিন্ন কোম্পানি। যুক্তরাষ্ট্রে স্বতন্ত্র শপিং অ্যাপ চালুর পরিকল্পনা নিয়ে এনগ্যাজেটের প্রশ্নের জবাবও দেয়নি প্রতিষ্ঠানটি।
এদিকে মার্কিন বাজারে টিকটকের মূল প্ল্যাটফর্মে নতুন ফিচার যোগ হচ্ছে। সম্প্রতি যেকোনো পোস্টে ভয়েস কমেন্টের সুবিধা চালু হয়েছে। পাশাপাশি অ্যাপের ভেতরেই ফ্লাইট ও হোটেল বুকিংয়ের সুবিধা যুক্ত করা হচ্ছে।