দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এআই বিজনেস সামিট’
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫২ এএম
ছবি: সংগৃহীত
দেশের শিল্প ও বাণিজ্য খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দায়িত্বশীল ব্যবহার বাড়াতে নীতিনির্ধারক, উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের একত্রিত করে আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশে প্রথম ‘এআই বিজনেস সামিট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ যৌথভাবে আয়োজন করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এটি অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই সামিটের মূল প্রতিপাদ্য বিষয় হলো,‘‘আগামীর অর্থনীতির জন্য এআই-ফিকেশন’’। যা মূলত তিনটি উপাদানের সমন্বয়ে গঠিত- মানুষ, ব্যবসা এবং বুদ্ধিমত্তা।
সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, চলমান চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে বিশ্ব অর্থনীতি এআই-এর মাধ্যমে নতুন রূপ নিচ্ছে। এই যৌথ উদ্যোগটি শিল্প ও বাণিজ্যিক খাতে দায়িত্বশীল এআই ব্যবহারকে উৎসাহিত করতে এবং একটি টেকসই এআই ইকোসিস্টেম গড়ে তুলতে যুগান্তকারী ভূমিকা পালন করবে।
ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেন, এআই বর্তমানে বাণিজ্য, শিল্প উৎপাদন, আর্থিক সেবা এবং যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনছে। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে এই প্রযুক্তির গ্রহণ অপরিহার্য।
জাতীয় সক্ষমতা বৃদ্ধির জন্য কার্যকর নীতিগত সহায়তা, শিক্ষাক্রমের আধুনিকায়ন এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দেন তিনি।
তাসকিন আহমেদ জানান, সামিটে একটি উদ্বোধনী অধিবেশন, তিনটি বিষয়ভিত্তিক অধিবেশন এবং একটি বিটুবি ম্যাচমেকিং অধিবেশন থাকবে।
সামিটের পাশাপাশি একটি ‘এআই বিজনেস এক্সপো’ অনুষ্ঠিত হবে। এতে দেশি-বিদেশী এআই-ভিত্তিক কোম্পানিগুলোর পণ্য ও সেবা প্রদর্শনের জন্য ১৫০টি স্টল থাকবে। এছাড়া ২০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবক ও উদ্যোক্তারাও তাদের নতুন নতুন উদ্ভাবন প্রদর্শন করবেন।
ডিসিসিআই সভাপতি বলেন, এই আয়োজনটি তরুণ উদ্ভাবক, দেশীয় উদ্যোক্তা এবং বিদেশী ব্যবসায়ীদের মধ্যে আইডিয়া বিনিময় ও বাণিজ্য সম্প্রসারণের বড় সুযোগ তৈরি করবে।