EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

সৌদি আরবে প্রথমবার রোবটের সহায়তায় স্তন পুনর্গঠন অস্ত্রোপচার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫২ এএম

সৌদি আরবে প্রথমবার রোবটের সহায়তায় স্তন পুনর্গঠন অস্ত্রোপচার

ছবি: সংগৃহীত

অ অ

সৌদি আরবে প্রথমবারের মতো রোবট প্রযুক্তি ব্যবহার করে স্তন পুনর্গঠন অস্ত্রোপচার করা হয়েছে। রিয়াদের সিকিউরিটি ফোর্সেস হাসপাতালে ৪৩ বছর বয়সী এক নারীর শরীরে এ অস্ত্রোপচার করা হয়। দেশটির উন্নত চিকিৎসাসেবায় এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

স্তন ক্যানসার শনাক্ত হওয়ার পর ওই নারীর স্তনবৃন্ত ও ত্বক অক্ষত রেখে আগে মাস্টেকটমি বা স্তন অপসারণ করা হয়েছিল। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল রোবটের সহায়তায় স্তন পুনর্গঠন করেন। এ সময় মাইক্রোসার্জারির মাধ্যমে তাঁর পেট থেকে ত্বক ও চর্বিযুক্ত টিস্যু নিয়ে বুকে প্রতিস্থাপন করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোবট প্রযুক্তির মাধ্যমে ছোট ছিদ্র দিয়ে সূক্ষ্ম অস্ত্রোপচার করা সম্ভব হয়েছে। এতে পেটের দেয়াল অক্ষত রাখা সহজ হয় এবং হার্নিয়া ও পেটের অংশ ফুলে ওঠার মতো জটিলতার ঝুঁকি কমতে পারে। পাশাপাশি অস্ত্রোপচারের নির্ভুলতা ও রোগীর দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনাও বাড়ে।

স্তন ক্যানসার বিশ্বজুড়ে নারীদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসার। ক্যানসারের চিকিৎসার পর শারীরিক গঠন, আত্মবিশ্বাস ও জীবনযাত্রার মান ফিরিয়ে আনতে স্তন পুনর্গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় উন্নত স্বাস্থ্যসেবা প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের প্রচেষ্টার মধ্যেই এ সাফল্য এসেছে। শুরা কাউন্সিলের সদস্য ফাদেল আল-বুয়াইনাইন বলেন, এ অস্ত্রোপচার দেশটির চিকিৎসকদের দক্ষতা এবং স্বাস্থ্যসেবায় উন্নত প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা তুলে ধরেছে।

বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবন সমিতির চেয়ারম্যান ড. আবদুল্লাহ আল-আকেল বলেন, রোবট প্রযুক্তি ও মাইক্রোসার্জারির সমন্বয় অস্ত্রোপচারের নির্ভুলতা বাড়াতে, জটিলতা কমাতে এবং চিকিৎসার ফল উন্নত করতে পারে। এ ধরনের সাফল্য ধরে রাখতে হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও গবেষণাকেন্দ্রগুলোর মধ্যে সহযোগিতা জরুরি।

প্রযুক্তি বিশেষজ্ঞ আবদুর রহমান আল-কুয়ারির মতে, উন্নত রোবট প্রযুক্তি স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা তৈরি করছে। তবে দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য শুধু যন্ত্রপাতি সংগ্রহ নয়, এসব প্রযুক্তির মৌলিক বিষয়ে দেশীয় দক্ষতা ও উৎপাদন সক্ষমতা গড়ে তোলাও প্রয়োজন।

আরও পড়ুন