EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

কানে আটকানো ইয়ারবাডস আনল স্যামসাং, দাম ২২৯ ডলার

একবার পূর্ণ চার্জে টানা ৯.৫ ঘণ্টা গান শোনা যাবে

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১২ পিএম

কানে আটকানো ইয়ারবাডস আনল স্যামসাং, দাম ২২৯ ডলার

কানে আটকানো ক্লিপ-অন ডিজাইনের স্যামসাং গ্যালাক্সি বাডস অন। ছবি: স্যাসমাং

অ অ

সনি, বোস ও জেনহাইজারের মতো প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিতে ক্লিপ-অন ডিজাইনের নতুন ওপেন-ইয়ার ইয়ারবাডস ‘গ্যালাক্সি বাডস অন’ উন্মোচন করেছে স্যামসাং। অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় বিক্রি শুরু হওয়া এ ইয়ারবাডস ৬ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে। দাম ২২৯ ডলার।

কানে আরও ভালোভাবে আটকে থাকতে ইয়ারবাডসটিতে ব্যবহৃত হয়েছে ক্লিপ-অন ডিজাইন। ট্রু ওয়ারলেস হেডফোনের মতো কানের নালিতে চাপ না দিয়ে কানের আশপাশে হালকা চাপে আটকে থাকবে এটি। স্যামসাং জানিয়েছে, বিভিন্ন আকৃতির কানে নিখুঁত ফিটিংয়ের জন্য প্রায় ১১ কোটি ৯০ লাখ কানের স্ক্যান ডেটা বিশ্লেষণ করা হয়েছে। পানি ও ধুলা প্রতিরোধে রয়েছে আইপি৫৪ রেটিং।

‘গ্যালাক্সি বাডস ৪ প্রো’র মতো উচ্চমানের নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি এতে নেই। তবে নতুন ‘অডিও লিকেজ রিডাকশন’ প্রযুক্তি শব্দ বাইরে ছড়িয়ে পড়া ঠেকাবে বলে দাবি স্যামসাংয়ের। প্রতিটি বাডের পেছনে তৈরি বিপরীত শব্দতরঙ্গ আশপাশের শব্দ বাতিল করে। বিদ্যুৎ খরচ ও জোরালো শব্দের ভারসাম্য রাখতে যুক্ত হয়েছে ‘ক্লাস-ডি’ অ্যাম্পলিফায়ার।

একবার পূর্ণ চার্জে টানা ৯.৫ ঘণ্টা গান শোনা যাবে। চার্জিং কেসসহ ব্যাটারি লাইফ প্রায় ৩৮ ঘণ্টা।

কলে কণ্ঠ স্পষ্ট করতে রয়েছে তিনটি মাইক্রোফোন ও একটি ভয়েস পিকআপ ইউনিট (ভিপিইউ), যা কথা বলার সময় কণ্ঠনালির কম্পন শনাক্ত করে। নির্মাণকাজের শব্দ ও গাড়ির হর্নের মতো গোলমাল কমাতে বিশেষ অ্যালগরিদমও আছে।

মাথা উপর-নিচে বা ডানে-বামে নাড়িয়ে কল রিসিভ বা কাটা, অ্যালার্ম বন্ধ ও নোটিফিকেশন পড়া বাতিল করা যাবে। কেস খুললেই গ্যালাক্সি ফোনের সঙ্গে দ্রুত সংযুক্ত হবে ইয়ারবাডসটি। মিলবে জেমিনাই লাইভ ও কুইক ভয়েস মেমোর সুবিধাও।

ওপেন-টাইপ ডিজাইনে স্যামসাংয়ের এটি প্রথম প্রয়াস নয়। আগের গ্যালাক্সি বাডস লাইভ ব্যবহারকারীদের কাছে তেমন সাড়া ফেলেনি। এ বছরের শুরুতে আসা ‘গ্যালাক্সি বাডস ৪’-এ রাখা হয়েছিল অ্যাপলের এয়ারপডসের মতো সেমি-ইন-ইয়ার প্রোফাইল।

আরও পড়ুন