এআই চ্যাটবট ঠেকাতে পাঠদান বদলাচ্ছেন মার্কিন শিক্ষকরা
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পিএম
ছবি: রয়টার্স
শিক্ষার্থীদের এআই চ্যাটবটের ওপর নির্ভরতা কমাতে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি বদলাচ্ছেন যুক্তরাষ্ট্রের শিক্ষকরা। বাড়ির কাজ কমিয়ে তারা এখন ক্লাসে খাতা-কলমে লেখা, মৌখিক পরীক্ষা ও সৃজনশীল অনুশীলনের ওপর জোর দিচ্ছেন। এক ডজন শিক্ষক ও শিক্ষাবিদের সঙ্গে কথা বলে রয়টার্স এ চিত্র তুলে ধরেছে।
স্যান ফ্রান্সিসকোর এক স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষিকা ট্রিস্টেন চ্যাং গত বছর থেকে বাড়িতে রচনা লেখা বাতিল করেছেন। এখন তিনি স্কুলে মৌখিক পরীক্ষা নেন, যেখানে ১৫টি প্রশ্নের উত্তর দিতে বড়জোর পাঁচ মিনিট লাগে।
চ্যাং বলেন, এআইয়ের প্রভাব সবচেয়ে মারাত্মক এবং আগের নিয়মকানুন এখন ফিকে হয়ে গেছে। একই শহরের শিক্ষক রাসটি শেব সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের একটি রচনা ক্লাসেই লিখিয়ে নিতে পুরো এক মাস সময় দিচ্ছেন। নিউ ইয়র্কের গণিত শিক্ষক ববসন ওয়াং বাড়ির প্রশ্ন কমিয়ে ক্লাসে অনুশীলন বাড়িয়েছেন, যাতে শিক্ষার্থীরা কীভাবে অংক কষছে তা সরাসরি দেখা যায়।
নিউ ইয়র্কের শিক্ষিকা মেগান হাইল্যান্ড জানান, কিছু শিক্ষার্থী বাথরুমে গিয়ে ফোনে এআই ব্যবহার করছিল। তাই তিনি ফোন জমা রাখার নিয়ম চালু করেন। এখন ক্লাসের কাজের ওপর বেশি নম্বর দেন। সৃজনশীল মূল্যায়নেও তার জোর আছে। ‘এ টেল অফ টু সিটিজ’ অবলম্বনে এক শিক্ষার্থী রান্নার প্রদর্শনীতে ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট কুকি উপস্থাপন করেছে। শিকাগোর শহরতলীর শিক্ষক রেক্স ওভাল শিক্ষাবর্ষের প্রায় ৯০ শতাংশ দিন ল্যাপটপ বন্ধ রাখেন। ব্রঙ্কসের শিক্ষক পিয়ান রকফেল্ড এমন প্রশ্ন করেন, যার উত্তর এআই সহজে দিতে পারে না।
তবে সব শিক্ষক এআইয়ের বিরোধী নন। সমাজবিজ্ঞানের শিক্ষক মাইকেল জাগারি পাঠ সহজ করতে এআই ব্যবহার করেন এবং দায়িত্বশীল ব্যবহার শেখানোর পক্ষে।
গবেষণাও মিশ্র। ২০২৫ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এআই টিউটরে শেখার মান বাড়ার কথা এসেছে। এমআইটি মিডিয়া ল্যাবের ছোট এক সমীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারকারীদের চিন্তার প্রতিফলন কম দেখা গেছে। র্যান্ডের জরিপ বলছে, মার্কিন শিক্ষার্থী ও শিক্ষকদের অধিকাংশই এআই ব্যবহার করেন।