EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

প্রতারণা ঠেকাতে অ্যান্ড্রয়েডে জেমিনাইয়ের নতুন ফিচার

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পিএম

প্রতারণা ঠেকাতে অ্যান্ড্রয়েডে জেমিনাইয়ের নতুন ফিচার

গুগল মেসেজেসে জেমিনাইচালিত স্ক্যাম সতর্কতা দেখাচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। ছবি: গুগল

অ অ

সাইবার প্রতারণা ঠেকাতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য জেমিনাই এআইচালিত একগুচ্ছ নতুন নিরাপত্তা সুবিধা ঘোষণা করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। গত ১৪ অক্টোবর ঘোষিত সুবিধাগুলোর মধ্যে রয়েছে গুগল মেসেজেস অ্যাপে ঐচ্ছিক ‘এনহ্যান্সড প্রটেকশন’ মোড, যা জেমিনাইয়ের মাধ্যমে অচেনা প্রেরকের বার্তার উদ্দেশ্য বিশ্লেষণ করে সন্দেহজনক হলে ব্যবহারকারীকে সতর্ক করবে।

গুগল জানায়, প্রতারক চক্র অনেক সময় ভুল নম্বরে বার্তা পাঠানোর ভান করে আলাপ শুরু করে। কয়েকটি বার্তার পর তাদের আসল উদ্দেশ্য স্পষ্ট হয়। নতুন মোড চালু করলে এমন আলাপ ‘প্রাইভেট এআই কম্পিউট’ নামের সুরক্ষিত ব্যবস্থায় বিশ্লেষণ করা হবে। গুগলের দাবি, বার্তাগুলো এনক্রিপ্ট করে প্রক্রিয়া করা হয়, ফলে গুগলসহ কেউ সেগুলো পড়তে পারে না। সুবিধাটি আগামী কয়েক সপ্তাহে ধাপে ধাপে মিলবে। এ ছাড়া অচেনা লিংকে ট্যাপের আগে ফোনেই তা পরীক্ষা করবে ‘জেমিনাই ন্যানো’। নতুন পিক্সেল ও স্যামসাং গ্যালাক্সির নির্বাচিত ফ্ল্যাগশিপ মডেলে প্রথমে এটি পাওয়া যাবে।

পিক্সেল ফোনে চালু থাকা চ্যাট নোটিফিকেশনের ‘স্ক্যাম ডিটেকশন’ এবার অনর, মোটোরোলা, অপো, ওয়ানপ্লাস, রিয়েলমি, ভিভো ও শাওমির ফোনেও আসবে। এতে বার্তা খোলার আগেই নোটিফিকেশনে সতর্কতা দেখা যাবে। এ বছরের শেষ দিকে ধাপে ধাপে এটি চালুর কথা।

এ মাসেই অ্যান্ড্রয়েড ১৫ ও পরবর্তী সংস্করণে ক্রোম ও ওয়েবভিউ খোলা রেখে স্ক্রিন শেয়ারের সময় পাসওয়ার্ড ও পেমেন্ট তথ্য স্বয়ংক্রিয়ভাবে লুকিয়ে ফেলা হবে। আগামী ডিসেম্বরের শুরুতে পিক্সেলসহ নির্বাচিত ডিভাইসে আসবে ‘কল ফরওয়ার্ডিং প্রটেকশন’, যা ক্ষতিকর অ্যাপকে গোপনে কল ফরওয়ার্ডিং চালু করতে দেবে না এবং সন্দেহজনক ডায়াল কোডে সতর্ক করবে।

ব্রাজিলে ব্যাংকিং অ্যাপের সঙ্গে সমন্বয় করে ব্যাংকের নামে আসা কল যাচাই করছে অ্যান্ড্রয়েড। ব্যাংক সত্যিই কলটি করেছে কি না, তা যাচাইয়ে ব্যর্থ হলে ফোন নিজেই কল কেটে ব্যবহারকারীকে সতর্ক করে। জুনে চালুর পর এ পর্যন্ত ৩০ লাখের বেশি ভুয়া কল আটকানো গেছে বলে জানিয়েছে গুগল। অন্য দেশে কবে এ সুবিধা আসবে, তা জানায়নি প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন