EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

স্মার্টফোনের বাজারে ধস, বিক্রি ১৪ বছরে সর্বনিম্ন

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পিএম

স্মার্টফোনের বাজারে ধস, বিক্রি ১৪ বছরে সর্বনিম্ন

মেমোরি সংকটে স্মার্টফোনের বিক্রি ১৪ বছরের সর্বনিম্নে। ছবি: সংগৃহীত

অ অ

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বজুড়ে স্মার্টফোন সরবরাহ আগের বছরের একই সময়ের চেয়ে ২০ শতাংশ কমেছে। মেমোরি চিপের তীব্র সংকটে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এই ধস নেমেছে। এআই ডেটা সেন্টারের চাহিদা মেটাতে চিপ নির্মাতারা সেদিকেই বেশি সরবরাহ দিচ্ছেন, আর বাড়তি খরচ ফোনের দামে যোগ করছে নির্মাতারা। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ ১২ অক্টোবর প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০১২ সালের পর তৃতীয় প্রান্তিকে এটিই সর্বনিম্ন সরবরাহ, অর্থাৎ ১৪ বছরের মধ্যে সবচেয়ে খারাপ। চলতি বছর বিশ্ববাজারে স্মার্টফোনের খুচরা দাম গড়ে ২০ শতাংশ বেড়েছে। ফলে ক্রেতারা আগের চেয়ে বেশি সময় পুরনো ফোন ব্যবহার করছেন। ব্যবহৃত বা রিফারবিশড ডিভাইসের প্রতি আগ্রহ বাড়ছে, আর নতুন ফোনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রিমিয়াম হ্যান্ডসেটকে প্রাধান্য দিচ্ছেন তাঁরা।

কাউন্টারপয়েন্টের জ্যেষ্ঠ বিশ্লেষক শিল্পি জৈন বলেন, মেমোরি যন্ত্রাংশের চরম সংকট স্মার্টফোনের বাজারকে আরও সতর্ক ও বাছাইমুখী করে তুলছে। এতে নির্মাতাদের কৌশলের পাশাপাশি ক্রেতাদের কেনার অভ্যাসও বদলে যাচ্ছে।

এ প্রান্তিকে ২৩ শতাংশ বাজার শেয়ার নিয়ে শীর্ষে রয়েছে স্যামসাং, যদিও তাদের সরবরাহ ৩ শতাংশ কমেছে। ২২ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাপল। অন্যদিকে শাওমির সরবরাহ ৩০ শতাংশের বেশি কমে বাজার শেয়ার নেমেছে ১০ শতাংশে। অপো ও ভিভোর সরবরাহও কমেছে ২০ শতাংশের বেশি।

কাউন্টারপয়েন্ট জানিয়েছে, যন্ত্রাংশের খরচ না কমা ও সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কম। তাদের পূর্বাভাস, ২০২৬ সালের পুরো বছরে স্মার্টফোন সরবরাহ প্রায় ১৪ শতাংশ কমতে পারে। এ পরিস্থিতিতে নির্মাতারা কম দামি ফোনের উৎপাদন কমিয়ে প্রিমিয়াম ফোনে বেশি মনোযোগ দিতে পারে।

আরও পড়ুন