এআইয়ের সারসংক্ষেপ পড়লেই বিপদ, জানেন?
গবেষণায় দেখা গেছে, বিভ্রান্তিকর এআই সারসংক্ষেপ পড়লে মানুষ আগে দেখা ঘটনা সঠিকভাবে মনে রাখতে পারে না
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম
এআইয়ের তৈরি ভুল সারসংক্ষেপ মানুষের স্মৃতিকে বিভ্রান্ত করতে পারে, বলছে জর্জটাউনের নতুন গবেষণা। ছবি: সংগৃহীত
এআইয়ের তৈরি ভুল বা অসম্পূর্ণ সারসংক্ষেপ মানুষের স্মৃতিকে বিভ্রান্ত ও বিকৃত করতে পারে। যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের গবেষকদের নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, মিটিংয়ের অডিও প্রতিলিপি থেকে শুরু করে পুলিশি ফুটেজ বিশ্লেষণ পর্যন্ত নানা গুরুত্বপূর্ণ কাজে এআই সারসংক্ষেপের ব্যবহার বাড়ছে। এই প্রেক্ষাপটেই গবেষণাটি সামনে এসেছে।
এআই কতটা নির্ভরযোগ্য
গবেষকরা প্রথমে দেখেছেন, তথ্য সারসংক্ষেপে এআই সিস্টেমগুলো আসলে কতটা দক্ষ। তাঁরা দেখতে পান, এআই বারবার ভুল বা বিভ্রান্তিকর তথ্য তৈরি করছে।
সবচেয়ে সাধারণ ত্রুটি ছিল মূল কনটেন্টের গুরুত্বপূর্ণ বিবরণ বাদ পড়ে যাওয়া। বিভিন্ন প্রম্পট ও মডেলের ক্ষেত্রে সিস্টেমগুলো গড়ে প্রায় ৫১.৬ শতাংশ গুরুত্বপূর্ণ তথ্য বাদ দিয়েছে।
মানুষের স্মৃতিতে প্রভাব
এরপর গবেষকরা দেখেছেন, এসব সারসংক্ষেপ ব্যবহারকারীর স্মৃতি ও বোঝার ক্ষমতায় কী প্রভাব ফেলে। তাঁদের ভাষ্য, কোনো ঘটনা আগে দেখার পর যদি ওই ঘটনার ভুল বা বিভ্রান্তিকর বর্ণনা সংবলিত এআই সারসংক্ষেপ দেখানো হয়, তাহলে অংশগ্রহণকারীরা ঘটনাটি আর সঠিকভাবে মনে করতে পারেন না।
সারসংক্ষেপটি এআইয়ের লেখা না মানুষের, এ নিয়ে অংশগ্রহণকারীদের বিশ্বাস যা-ই থাকুক, ফলাফল একই থেকেছে। এআইয়ের ওপর কারও আস্থা কতটা, কিংবা এআই সম্পর্কে তাঁর ধারণা কেমন, তার ওপরও ফলাফল নির্ভর করেনি বলে প্রমাণ মিলেছে।
যেভাবে হয়েছে পরীক্ষা
গবেষণায় ৩৩১ জন অংশগ্রহণকারীকে একটি অ্যানিমেটেড ভিডিও দেখানো হয়। ভিডিওতে একটি গাড়ি এগিয়ে যাচ্ছিল, যেখানে চালককে থামতে বা সামনে যেতে বলার মতো একটি সাইনবোর্ড ছিল। পরে গাড়িটি মোড় নেওয়ার সময় রাস্তা পার হতে থাকা এক পথচারীকে ধাক্কা দেয়।
ভিডিও দেখানোর ২৪ থেকে ৮৪ ঘণ্টা পর অংশগ্রহণকারীদের এআইয়ের তৈরি একটি সারসংক্ষেপ পড়তে দেওয়া হয়। কিছু সারসংক্ষেপ ছিল নির্ভুল, আর কিছুতে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য রাখা হয়েছিল। এরপর তাঁদের ঘটনাটি মনে করতে এবং কার দোষ ছিল তা বলতে বলা হয়।
ফলাফলে দেখা গেছে, যাঁরা বিভ্রান্তিকর সারসংক্ষেপ পড়েছেন, তাঁদের ঘটনাটি সঠিকভাবে মনে রাখার সম্ভাবনা কম ছিল।
পুলিশি ফুটেজসহ নানা ক্ষেত্রে ঝুঁকি
গবেষকরা বলছেন, পুলিশি ফুটেজ পর্যালোচনাসহ নানা ক্ষেত্রে এ ধরনের সারসংক্ষেপ ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। এর সঙ্গে জড়িত কারও মধ্যে অসৎ উদ্দেশ্য না থাকলেও এমন ব্যবহারে বিভ্রান্তি তৈরি হতে পারে।