EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

কথা বলবে, দেখাবে অভিব্যক্তি—গুগলের নতুন এআই অ্যাভাটার

গ্রাহকসেবা ও বিক্রয়ে ব্যবহারের জন্য রিয়াল-টাইম ভিজুয়াল অ্যাভাটার আনল গুগল।

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পিএম

কথা বলবে, দেখাবে অভিব্যক্তি—গুগলের নতুন এআই অ্যাভাটার

গ্রাহকসেবা ও বিক্রয় সহায়তায় ব্যবহারের জন্য গুগলের নতুন রিয়াল-টাইম ভিজুয়াল অ্যাভাটার। ছবি: গুগল

অ অ

গ্রাহকসেবা ও বিক্রয় সহায়তাকে আরও বাস্তবসম্মত করতে এআই মডেলে রিয়াল-টাইম ভিজুয়াল অ্যাভাটার যুক্ত করেছে গুগল। কোম্পানিটির দাবি, এই অ্যাভাটার কথা বলার পাশাপাশি মুখের অভিব্যক্তিও ফুটিয়ে তুলতে পারবে।

গত সপ্তাহে গুগল তাদের সবচেয়ে উন্নত লাইভ ডায়ালগ মডেল হিসেবে দুটি নতুন মডেল উন্মোচন করেছে। প্রযুক্তি সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, এই মডেলগুলোর সঙ্গেই এবার ভিডিও যুক্ত করে আনা হয়েছে লাইভ অ্যাভাটার সুবিধা। এতে ব্যবহারকারীরা প্রায় রিয়াল-টাইমে একটি ভিজুয়াল উপস্থিতির সঙ্গে কথা বলতে পারবেন।

যেভাবে কাজ করবে অ্যাভাটার

গুগলের ভাষায়, এই প্রযুক্তি এমন একটি অভিজ্ঞতা তৈরি করে যা গতিশীল ভিজুয়াল রূপের মাধ্যমে শোনে, দেখে ও কথা বলে। মূলত গ্রাহকসেবা ও বিক্রয় সহায়তার কাজে ব্যবহারের জন্যই এসব অ্যাভাটার তৈরি হয়েছে।

প্রকাশিত কিছু ভিডিওতে গুগল বাস্তবসম্মত ও কার্টুনধর্মী—দুই ধরনের অ্যাভাটারই দেখিয়েছে। কোম্পানিটির দাবি, এগুলো নিখুঁত লিপ-সিঙ্ক ও স্বাভাবিক মুখের অভিব্যক্তির সঙ্গে সাবলীলভাবে কথা বলতে পারে।

গুগল জানিয়েছে, এসব অ্যাভাটার তৈরি হয়েছে তাদের উন্নত রিজনিং বা যুক্তিনির্ভর সক্ষমতার ভিত্তিতে। এর ফলে কথোপকথন চালিয়ে যাওয়ার পাশাপাশি এগুলো ব্যাকগ্রাউন্ডে টুল কল ট্রিগার ও ডেটা সংগ্রহের কাজও করতে পারবে।

কোম্পানিগুলো চাইলে নিজস্ব ব্র্যান্ড স্টাইল বা চরিত্র অনুযায়ী রেফারেন্স ছবি ব্যবহার করে অ্যাভাটার কাস্টমাইজ করতে পারবে। এ ছাড়া প্রিসেট অ্যাভাটারেরও একটি বড় লাইব্রেরি দেবে গুগল।

গুগলের দাবি, পরিচয়কে সম্মান জানাতে ও এআই-নির্মিত কনটেন্ট স্বচ্ছ রাখতে কঠোর সুরক্ষাব্যবস্থা মেনে তৈরি হয়েছে এসব অ্যাভাটার। প্রতিটি অ্যাভাটারে ব্যবহৃত হয়েছে গুগলের সিন্থআইডি ওয়াটারমার্ক।

সুবিধাটি আপাতত শুধু এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য উন্মুক্ত। তবে শিগগিরই সাধারণ ব্যবহারকারীরাও নিজেদের কম্পিউটার বা ফোনের স্ক্রিনে কাস্টমার সার্ভিস বা সেলস অ্যাভাটার হিসেবে এর কার্যকারিতা দেখতে পারবেন বলে জানিয়েছে গুগল।

আরও পড়ুন