EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

যে কারণে আলোচনায় মটোরোলার নতুন ফোন

নতুন স্ন্যাপড্রাগন চিপ, ব্যাং অ্যান্ড উলফসেন স্পিকার আর সাত বছরের আপডেট—আরও কী আছে ফোনটিতে?

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম

যে কারণে আলোচনায় মটোরোলার নতুন ফোন

স্ন্যাপড্রাগন সামিটে উন্মোচিত মটোরোলার ফ্ল্যাগশিপ ফোন সিগনেচার ২৭।

অ অ

মটোরোলা তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন মটোরোলা সিগনেচার ২৭ উন্মোচন করেছে। স্ন্যাপড্রাগন সামিটে ফোনটি দেখিয়েছে কোম্পানিটি। মটোরোলা একে তাদের সবচেয়ে উন্নত স্মার্টফোন বলছে।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট জানিয়েছে, ফোনটি মটোরোলার আগের সিগনেচার মডেলের উন্নত সংস্করণ। এতে আছে কোয়ালকমের আধুনিক চিপসেট, ২০০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা ও নতুন প্রযুক্তির স্পিকার।

ফোনটির প্রধান আকর্ষণ কোয়ালকমের ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম জেন ৬’ চিপসেট। এটি কোয়ালকমের আধুনিক ও শক্তিশালী মোবাইল এসওসি। এই চিপসেট ব্যবহার করা প্রথম কয়েকটি ফোনের একটি সিগনেচার ২৭।

এসওসি মানে সিস্টেম অন এ চিপ। কম্পিউটারে প্রসেসর, র‍্যাম ও গ্রাফিক্স কার্ড মাদারবোর্ডের আলাদা অংশে থাকে। স্মার্টফোনে জায়গা বাঁচাতে এবং কাজের ক্ষমতা বাড়াতে এসবকে একটি চিপে একসঙ্গে রাখা হয়।

ফোনটিতে আছে ‘ব্যাং অ্যান্ড উলফসেন’ স্পিকার, যা ভালো অডিও অভিজ্ঞতা দেবে। ফোন ঠান্ডা রাখতে যোগ হয়েছে আপগ্রেড করা কুলিং সিস্টেম।

মূল ক্যামেরা আগের মতোই ৫০ মেগাপিক্সেলের ‘সনি লাইটিয়া ৯১০’ সেন্সরের থাকছে। তবে টেলিফটো ক্যামেরায় বড় পরিবর্তন এসেছে। এর ক্ষমতা ৫০ থেকে সরাসরি ২০০ মেগাপিক্সেলে উন্নীত করেছে মটোরোলা।

ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১৭-তে। মটোরোলা সাত বছর পর্যন্ত ওএস আপগ্রেডের প্রতিশ্রুতি দিয়েছে। গুগলের এআই জেমিনাই-সংশ্লিষ্ট নানা টুলও এতে পাওয়া যাবে। এর মধ্যে আছে ভিডিও জেনারেটর ‘ওমনি’ ও মিউজিক জেনারেটর ‘লিরিয়া’।

কবে আসবে, দাম কত

ফোনের ডিসপ্লে-সংক্রান্ত অনেক তথ্য এখনো জানায়নি মটোরোলা। বাজারে আসার নির্দিষ্ট তারিখও ঘোষণা করেনি। কোম্পানি বলেছে, ২০২৬ সালেই ফোনটি বিশ্বজুড়ে বাজারে আসতে পারে। দাম নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আগের মডেলের দাম ছিল কনফিগারেশন অনুযায়ী প্রায় ৮০০ থেকে ১২০০ ডলার।

মটোরোলা ও ব্যাং অ্যান্ড উলফসেনের সহযোগিতা শুধু এই ফোনেই থামছে না। কোম্পানি দুটি সম্প্রতি বহু বছর মেয়াদি অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। তাই ভবিষ্যতেও মটোরোলার পণ্যে এই ব্র্যান্ডের অডিও প্রযুক্তি দেখা যাবে।

আরও পড়ুন