বিদ্যুৎ গেলে কম্পিউটার সুরক্ষিত রাখার উপায়
বিদ্যুৎ চলে যাওয়ার চেয়ে ফিরে আসার সময়কার ভোল্টেজ সার্জই কম্পিউটারের জন্য বেশি ঝুঁকিপূর্ণ।
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পিএম
বিদ্যুৎ বিভ্রাটের সময় সার্জ প্রটেক্টর কম্পিউটারকে ভোল্টেজ ক্ষতি থেকে রক্ষা করে।
বিদ্যুৎ চলে গেলে বেশিরভাগ মানুষ টর্চলাইট খোঁজেন, কিন্তু কম্পিউটারের নিরাপত্তার কথা মাথায় রাখেন কম জনই। প্রযুক্তি সংবাদমাধ্যম এনগ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ ফিরে আসার সময় সকেটে প্লাগ করা পিসি বড় ধরনের ক্ষতির ঝুঁকিতে পড়তে পারে।
অনেকে মনে করেন, বিদ্যুৎ চলে গিয়ে কম্পিউটার বন্ধ হয়ে গেলে সেটি নিরাপদ। কিন্তু এই ধারণা ঠিক নয়। বন্ধ অবস্থাতেও কম্পিউটার ঘরের ইলেকট্রিক ওয়্যারিংয়ের সঙ্গে যুক্ত থাকে, আর এই সংযোগই ক্ষতির কারণ হতে পারে।
পিসির মাদারবোর্ড, র্যাম ও এসএসডির মতো যন্ত্রাংশ অত্যন্ত সূক্ষ্ম সার্কিট দিয়ে তৈরি। এসব যন্ত্রাংশ ভোল্টেজের হঠাৎ ওঠানামা সহ্য করতে পারে না।
গ্রিড ওভারলোড, যন্ত্রপাতির ত্রুটি বা সার্কিট ট্রিপের কারণে বিদ্যুৎ চলে গেলে সিস্টেম হঠাৎ বন্ধ হয় না। এর আগে-পরে ভোল্টেজে তীব্র তারতম্য দেখা দিতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ ফিরে আসার সময়কার ভোল্টেজ সার্জ বিদ্যুৎ চলে যাওয়ার চেয়েও বেশি ক্ষতিকর। সাধারণ মাত্রার চেয়ে সামান্য বেশি ভোল্টেজের ধাক্কাই কম্পিউটারের সংবেদনশীল যন্ত্রাংশ চিরতরে নষ্ট করে দিতে পারে।
পিসি বন্ধ থাকলেও তা পুরোপুরি নিরাপদ নয়। বিদ্যুৎ ফিরে আসার সময় তারের মাধ্যমে কারেন্ট সরাসরি ভেতরের যন্ত্রাংশে পৌঁছাতে পারে। এর প্রধান কারণ পাওয়ার সার্জ, যা বজ্রপাত বা আশপাশের পাওয়ার লাইনের ত্রুটির কারণে ঘটে।
বাড়িতে সরাসরি বজ্রপাত না হলেও স্থানীয় ট্রান্সফর্মার হয়ে অতিরিক্ত ভোল্টেজ ঘরের ওয়্যারিংয়ে ঢুকতে পারে। গ্রিড পুনরায় চালু হওয়ার সময়ও প্রায়ই ভোল্টেজ স্পাইক দেখা যায়। ফলে আলো ফিরে এলেই বিপদ কেটে যায়, তা মনে করার কারণ নেই।
পিসি চালু অবস্থায় বিদ্যুৎ চলে গেলেও সমস্যা হতে পারে। ফাইল সেইভ বা সিস্টেম আপডেটের সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ডেটা করাপ্ট হয়ে যেতে পারে। হার্ড ডিস্ক ড্রাইভ বা এইচডিডি থাকলে তার মেকানিক্যাল হেডও স্থায়ীভাবে নষ্ট হতে পারে।
ঝড়-বৃষ্টির পূর্বাভাস পেলে কম্পিউটার শাটডাউন করে প্লাগ খুলে রাখা ভালো। বিদ্যুৎ চলে গিয়ে থাকলে তখনই আনপ্লাগ করে দেওয়া উচিত। বজ্রঝড়ে পুড়ে যাওয়ার ঝুঁকি বেশি থাকায় ইন্টারনেট রাউটারও খুলে রাখা দরকার। রাউটার নিয়মিত রিস্টার্ট করা ভালো বলে এতে বাড়তি ক্ষতি হয় না। টেলিভিশন বা অন্যান্য দামি ইলেকট্রনিক্সও একইভাবে সংযোগমুক্ত রাখা যেতে পারে।
ডেস্কটপ পিসির পাওয়ার সাপ্লাই ইউনিট বা পিএসইউর সুইচ বন্ধ রাখলে কারেন্ট প্রবেশ কিছুটা ঠেকানো যায়, তবে সরাসরি বজ্রপাতে এতেও ক্ষতি হতে পারে। এর চেয়ে ভালো সমাধান মানসম্মত সার্জ প্রটেক্টর, যা ডিভাইসে পৌঁছানোর আগেই ভোল্টেজের ধাক্কা শুষে নেয়।
আরও ভালো বিকল্প আনইন্টারাপ্টিবল পাওয়ার সাপ্লাই বা ইউপিএস, যাতে সার্জ সুরক্ষার পাশাপাশি ব্যাটারি ব্যাকআপও থাকে। এটি দীর্ঘ সময় ডিভাইস চালু রাখার জন্য তৈরি না হলেও সংক্ষিপ্ত পাওয়ার কাটে হঠাৎ শাটডাউন ঠেকায়, ফলে ফাইল সেইভ করে নিরাপদে সিস্টেম বন্ধ করার সময় পাওয়া যায়।
পুরো বাড়ির সুরক্ষার জন্য লাইসেন্সপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান দিয়ে বৈদ্যুতিক প্যানেলে সার্জ প্রোটেকশন বসানো যেতে পারে, যা প্রতিটি আউটলেটকে সুরক্ষিত রাখে।
বিদ্যুৎ ফিরে আসার সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে সব প্লাগ লাগিয়ে ফেলবেন না। বিদ্যুৎ আবার চলে যাওয়ার আশঙ্কা এড়াতে কয়েক মিনিট অপেক্ষা করুন। সংযোগ দেওয়ার সময় আগে সার্জ প্রটেক্টর প্লাগ ইন করুন, এরপর পিসি ও অন্যান্য যন্ত্র সংযুক্ত করুন।