ডাউনলোড করা ইউটিউব ভিডিও কেন ২৯ দিন পর মুছে যায়?
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম
ইউটিউব প্রিমিয়ামে ডাউনলোড করা ভিডিও মাত্র ২৯ দিন পর্যন্ত অফলাইনে দেখা যায়।
টাকা খরচ করে ইউটিউব প্রিমিয়ামে ভিডিও ডাউনলোড করলেও তা আসলে চিরস্থায়ীভাবে আপনার হয় না। এই ডাউনলোড সুবিধার সঙ্গে জুড়ে আছে একটি বড় শর্ত—ভিডিওটি মাত্র ২৯ দিন পর্যন্ত অফলাইনে দেখা যায়। এরপর টাইমার নতুন করে চালু করতে ডিভাইসকে ইন্টারনেটে সংযুক্ত করতে হয়, নইলে ভিডিওটি আর দেখা যায় না। সাবস্ক্রিপশন বাতিল হলে তো ডাউনলোড করা সব ভিডিওই একেবারে হারিয়ে যায়।
সবচেয়ে বড় কথা, এই ডাউনলোড আসলে কোনো ভিডিও ফাইল নয়। ব্যবহারকারী ডিভাইসে আলাদা কোনো ফাইল পান না—ভিডিওটি থেকে যায় সম্পূর্ণ ইন-অ্যাপ। ফলে এটি এডিট করা যায় না, অন্য ডিভাইসে পাঠানো যায় না, এমনকি একই অ্যাকাউন্ট ব্যবহার করলেও বিভিন্ন ডিভাইসে ডাউনলোড স্বয়ংক্রিয়ভাবে সিংকও হয় না। যেমন, মোবাইলে ডাউনলোড করা ভিডিও ডেস্কটপে আপনাআপনি পাওয়া যাবে না। ২০১৮ সালে ডিভাইসের মধ্যে ডাউনলোড সিংক করার উপায় পরীক্ষা করেছিল ইউটিউব, কিন্তু তা শেষ পর্যন্ত চালু হয়নি। কমেন্ট্রি বা রিঅ্যাকশন চ্যানেলের মতো এডিটিং-নির্ভর কাজের জন্যও এই ফিচার কাজে আসে না।
তারপরও থার্ড-পার্টি অ্যাপ বা অবৈধ ওয়েবসাইটের চেয়ে ইউটিউব প্রিমিয়ামই সবচেয়ে নিরাপদ ও একমাত্র আইনসম্মত উপায়। ইউটিউব সরাসরি ভিডিও পুরোপুরি ডাউনলোডের অনুমতি দেয় না বলে বৈধভাবে অফলাইনে দেখার উপায় কেবল একটিই। প্রযুক্তি সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপের ভেতরে ভিডিও সংরক্ষণ করে ইন্টারনেট ছাড়াই তা দেখতে পারেন।
এই ডাউনলোড সুবিধা প্রিমিয়ামে দীর্ঘদিন ধরেই আছে, তবে আগে ছিল কেবল মোবাইলে সীমিত। ২০২০ সালে কম্পিউটারে ফিচারটি পরীক্ষার পর এখন তা বিভিন্ন প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে। ডাউনলোড করতে ভিডিওর নিচে লাইক, ডিসলাইক ও শেয়ার বাটনের পাশে তিনটি বিন্দুতে ক্লিক করে ‘ডাউনলোড’ অপশন বেছে নিতে হয়। ডাউনলোড করা ভিডিও জমা হয় অ্যাকাউন্টের ‘ডাউনলোডস’ সেকশনে—ডেস্কটপে বামদিকের মেনুতে, মোবাইলে লাইব্রেরি সেকশনের নিচে।
অনলাইনে কিছু ভিডিও ডাউনলোডার পাওয়া গেলেও এগুলোর বেশিরভাগই অ্যাডওয়্যার ও স্পাইওয়্যারে ভরা, আর তা গুগলের প্ল্যাটফর্ম নীতিরও লঙ্ঘন। ইউটিউবের ‘টার্মস অফ সার্ভিস’ অনুযায়ী, স্বত্বাধিকারী, ইউটিউব বা প্রযোজ্য আইনের অনুমতি ছাড়া ভিডিও ডাউনলোড বা স্ক্রিন রেকর্ডিং সম্পূর্ণ নিষিদ্ধ।