সার্চে প্রিয় সংবাদমাধ্যম বেছে নেওয়ার সুযোগ দিল গুগল
নতুন বাটনে ক্লিক করলে সার্চে পছন্দের সংবাদমাধ্যমের খবর বেশি দেখাবে গুগল
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৪:০১ পিএম
গুগল সার্চে নতুন বাটনে ক্লিক করে প্রিয় সংবাদমাধ্যম ফলো করতে পারবেন পাঠকরা।
সার্চ জায়ান্ট গুগল নতুন একটি ফিচার চালু করেছে। এই ফিচারের মাধ্যমে পাঠকরা তাদের প্রিয় অনলাইন সংবাদমাধ্যম সহজে ফলো করতে পারবেন। প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট এ তথ্য জানিয়েছে।
ফিচারটির নাম ‘প্রেফার্ড সোর্সেস’। বিভিন্ন ওয়েবসাইটে এই বিশেষ বাটন যোগ করা হয়েছে। পাঠক এই বাটনে ক্লিক করলে সেই সংবাদমাধ্যমটি তার পছন্দের তালিকায় যোগ হয়ে যাবে। এরপর পাঠক আবার আগের জায়গায় ফিরে গিয়ে স্বাভাবিকভাবে লেখা পড়তে পারবেন।
একবার সাবস্ক্রাইব করলে সুবিধা মিলবে সার্চের কয়েকটি জায়গায়। গুগল সার্চের ‘টপ স্টোরিজ’, ‘এআই ওভারভিউ’ ও ‘এআই মোড’-এ সেই সংবাদমাধ্যমের খবর বেশি সংখ্যায় দেখতে পাবেন পাঠক।
এই ফিচার আনার পেছনে একটি বড় কারণ আছে। গুগল সার্চ থেকে সংবাদের মূল ওয়েবসাইটে ভিজিটর যাওয়ার হার সম্প্রতি অনেক কমেছে। কারণ সার্চ ফলাফলে এআই ওভারভিউ ও এআই মোড যোগ হওয়ায় পাঠকরা সার্চ পেইজেই উত্তর পেয়ে যাচ্ছেন। এতে প্রকাশকদের আয় বড় ধাক্কা খেয়েছে। মনে করা হচ্ছে, প্রকাশকদের অসন্তোষ কমাতেই গুগল এই পদক্ষেপ নিয়েছে। তবে এই ফিচার সত্যিই সংবাদমাধ্যমের ট্রাফিক বা আয় বাড়াবে কি না, তা এখনো অনিশ্চিত।
শুধু সার্চ নয়, বদলেছে ডিসকভার ফিডও। গুগল অ্যাপ, ক্রোম ব্রাউজার ও অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহৃত ‘ডিসকভার’ ফিডেও বড় পরিবর্তন এনেছে গুগল। এখন পাঠকরা গুগলের এআই মডেল জেমিনাই চ্যাটবটের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। এভাবে তারা নিজের পছন্দ অনুযায়ী ডিসকভার ফিডের খবর সাজিয়ে নিতে পারবেন।
প্রাথমিকভাবে এই সুবিধা মোবাইল অ্যাপে চালু হচ্ছে। যেকোনো সংবাদের পাশে ‘থ্রি-ডট’ আইকনে ট্যাপ করলেই জেমিনাই চ্যাটবট চালু হয়ে যাবে। গুগল জানিয়েছে, নির্দেশনা দিলে সঙ্গে সঙ্গেই ফিড বদলে যাবে। এরপর গুগল সেই পছন্দ মনে রাখবে।
যারা পড়ার চেয়ে শুনতে পছন্দ করেন, তাদের জন্যও নতুন সুবিধা এসেছে। ‘গুগল নিউজ’ অ্যাপের ‘অডিও ব্রিফিং’-এ এখন কাস্টমাইজেশনের সুযোগ যোগ হয়েছে। ব্যবহারকারীরা নির্দিষ্ট বিষয় বেছে নিয়ে তাদের অডিও ব্রিফিং সাজিয়ে নিতে পারবেন। এতে সংবাদের উৎস স্পষ্টভাবে দেখানো হবে। মূল প্রতিবেদনের সরাসরি লিংকও যুক্ত থাকবে।
গুগলের যেকোনো নতুন আপডেটের মতো এই ফিচারগুলোও সব ব্যবহারকারীর কাছে পৌঁছাতে কয়েক দিন সময় নিতে পারে।