EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

১০ লাখ রিপোর্টে লিংকডইনে কমছে এআই স্লপ কনটেন্ট

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৩:২৯ পিএম

১০ লাখ রিপোর্টে লিংকডইনে কমছে এআই স্লপ কনটেন্ট
অ অ

পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নিম্নমানের কনটেন্ট, অর্থাৎ ‘এআই স্লপ’ ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। নতুন ফিচার চালুর মাত্র দুই সপ্তাহের মধ্যে ১০ লাখেরও বেশি ব্যবহারকারী ভুয়া এআই পোস্টের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছেন। এতে প্ল্যাটফর্মটিতে নিম্নমানের কনটেন্টের প্রচার অনেকটাই কমেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

সাম্প্রতিক মাসগুলোতে লিংকডইনের নিউজ ফিডে একটি অদ্ভুত প্রবণতা লক্ষ করছিলেন ব্যবহারকারীরা। এআই দিয়ে তৈরি তথ্যহীন, নিম্নমানের ও বিভ্রান্তিকর পোস্টে ভরে যাচ্ছিল তাদের ফিড। ইন্টারনেটের ভাষায় এমন কনটেন্টকে বলা হয় ‘এআই স্লপ’।

এই সমস্যা সমাধানে জুলাইয়ের শেষ দিকে বেশ কিছু নতুন ফিচার চালু করে লিংকডইন। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো ‘সিমস লাইক এআই স্লপ’ নামের একটি বোতাম। কোনো পোস্ট এআই দিয়ে তৈরি নিম্নমানের কনটেন্ট মনে হলে ব্যবহারকারীরা এই বোতাম চেপে তা রিপোর্ট করতে পারেন। পাশাপাশি এমন পোস্ট স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে ফিডে দেখানো বন্ধ করার প্রযুক্তিও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ।

লিংকডইনের প্রধান পণ্য কর্মকর্তা হরি শ্রীনিবাসন জানিয়েছেন, ফিচারটি ইতিমধ্যে ভালো ফল দিতে শুরু করেছে। প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ফিচার চালুর পর থেকে এখন পর্যন্ত ১০ লাখ মানুষ ‘সিমস লাইক এআই স্লপ’ বোতামটি ব্যবহার করেছেন। তার ভাষায়, প্ল্যাটফর্মের কনটেন্টের মান কেমন হওয়া উচিত, তা বুঝতে এই ব্যবহারকারীরাই বড় ভূমিকা রাখছেন।

শ্রীনিবাসন জানান, যেকোনো পোস্ট বা মন্তব্যের কোণায় থাকা থ্রি-ডট মেনুতে ক্লিক করলেই এই অপশন পাওয়া যায়। সেখান থেকে সহজেই একটি পোস্ট ফ্ল্যাগ করতে পারেন ব্যবহারকারীরা।

কনটেন্টের মান ধরে রাখতে আরও কঠোর হচ্ছে লিংকডইন। কোনো পোস্টের বিরুদ্ধে পর্যাপ্ত অভিযোগ জমা পড়লে সংশ্লিষ্ট ব্যবহারকারীর অ্যানালিটিক্সে একটি সতর্কবার্তা দেখানো হবে। সেখানে লেখা থাকবে, পোস্টটি ‘এআই স্লপ’ হিসেবে চিহ্নিত ও রিপোর্ট করা হয়েছে।

শ্রীনিবাসন বলেন, “আমরা ব্যবহারকারীদের ভালো আচরণের ওপর আস্থা রেখেই এই উদ্যোগ শুরু করেছিলাম। আমি নিজেও এখন সচেতন থাকি, যাতে আমার লেখা এআইয়ের মতো মনে না হয়।”

তিনি আরও বলেন, শুধু রিপোর্টিং বোতাম কোনো চূড়ান্ত সমাধান নয়। একটি মাত্র রিপোর্টের ভিত্তিতে কোনো পোস্ট বন্ধও করা হয় না। বরং একাধিক সংকেত মিলিয়ে যাচাই করা হয়, যাতে কেউ অন্যায়ভাবে রিপোর্টের শিকার না হন।

নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশে কিছুটা দ্বিধা প্রকাশ করলেও শ্রীনিবাসন জানান, এআই স্লপ হিসেবে চিহ্নিত পোস্টগুলোর দর্শকসংখ্যা গত কয়েক সপ্তাহের তুলনায় প্রায় ৪০ শতাংশ কমেছে।

তিনি বলেন, “কিছু সাফল্য মিললেও লিংকডইনকে সত্যিকারের মানুষ ও মতামতের জায়গা হিসেবে ধরে রাখতে আমাদের আরও এগোতে হবে। বিষয়টি আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।”

ফিচারটি চালুর সময় লিংকডইন জানিয়েছিল, এটি এআই পোস্ট নিয়ন্ত্রণে নেওয়া বড় পরিকল্পনার একটি অংশ মাত্র। নিম্নমানের এআই পোস্ট স্বয়ংক্রিয়ভাবে শনাক্তের প্রযুক্তি উন্নত করার পাশাপাশি অ্যালগরিদমে পরিবর্তন এনে এমন কনটেন্টের প্রচার কমানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল।

এরই অংশ হিসেবে পোস্ট দ্রুত এআই দিয়ে নতুন করে লেখার সুবিধা দেওয়া ‘এনহ্যান্স উইথ এআই’ বোতামটি সরিয়ে নিয়েছে লিংকডইন। এর বদলে যোগ হয়েছে একটি প্রুফরিডিং ফিচার, যা মূল লেখার বক্তব্য অক্ষুণ্ণ রেখে শুধু প্রয়োজনীয় সংশোধন করে দেয়।

আরও পড়ুন