অ্যান্ড্রয়েড ফোন চুরি হলেও ডেটার সুরক্ষা দেবে যে সেটিং
ব্যক্তিগত ডেটা সুরক্ষিত রাখতে গুগল নিয়ে এসেছে এআই-নির্ভর ‘থেফট প্রোটেকশন স্যুট’
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৫:০০ পিএম
গুগলের নতুন থেফট প্রোটেকশন স্যুট চালু থাকলে ফোন চুরি হলেও তাৎক্ষণিক লক হয়ে যাবে স্ক্রিন। প্রতীকী ছবি।
স্মার্টফোন হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ঠেকাতে গুগল নিয়ে এসেছে উন্নত নিরাপত্তা ফিচার। হ্যান্ডসেট হাতছাড়া হলেও ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা যেন সুরক্ষিত থাকে, সে জন্য অ্যান্ড্রয়েড ফোনে কিছু জরুরি সেটিং এখনই সক্রিয় করে নেওয়া প্রয়োজন।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও গুগলের নতুন বিল্ট-ইন ‘থেফট প্রোটেকশন স্যুট’-এর সহায়তায় এখন এই নিরাপত্তা প্রযুক্তি আগের চেয়ে অনেক বেশি আধুনিক ও কার্যকর, লিখেছে প্রযুক্তি সংবাদমাধ্যম এনগ্যাজেট।
ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বা তার পরবর্তী সংস্করণে চললে গুগল প্লে সার্ভিসেসের মাধ্যমেই ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। তবে কম র্যামের ‘গো এডিশন’ ফোন, অ্যান্ড্রয়েড ট্যাবলেট ও প্লে সার্ভিসেসের পূর্ণ সুবিধাবিহীন ডিভাইসে সব ফিচার নাও মিলতে পারে।
যেভাবে চালু করবেন
চুরি ঠেকানোর মূল অপশনগুলো পাওয়া যাবে গুগলের ‘থেফট প্রোটেকশন’ মেনুতে, তবে ব্র্যান্ডভেদে ধাপ কিছুটা আলাদা হতে পারে। স্যামসাং ফোনে সেটিংস থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এরপর লস্ট ডিভাইস প্রটেকশনে গেলে মিলবে থেফট প্রোটেকশন। পিক্সেল ফোনে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির ডিভাইস আনলক অপশনে এটি পাওয়া যাবে।
মূল ফিচারগুলো হলো—
থেফট ডিটেকশন লক: ফোন নিয়ে দৌড় দেওয়া বা আচমকা টান দেওয়ার মতো নড়াচড়া শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিন লক করে দেয়।
অফলাইন ডিভাইস লক: চোর এয়ারপ্লেন মোড দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করলেও ইন্টারনেট না থাকার সঙ্গে সঙ্গেই এই ফিচার সক্রিয় হয়ে ফোন লক করে দেয়।
রিমোট লক: android.com/lock-এ গিয়ে মোবাইল নম্বর দিয়ে দূর থেকেই ফোন লক করা যায়, ফোন অন্য নেটওয়ার্কে থাকলেও এটি কাজ করে।
সুরক্ষা নিশ্চিত করতে জটিল পিন বা প্যাটার্ন ব্যবহার জরুরি, কারণ সহজ কোডে ফিচারের সুফল পুরোপুরি মেলে না। থেফট ডিটেকশন লক ও অফলাইন ডিভাইস লক—দুটি অপশনই সক্রিয় রাখা এবং রিমোট লকের জন্য ফোন নম্বর যাচাই করে রাখা সবচেয়ে নিরাপদ।