EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

বিনোদন জগতে আরও বড় পরিসরে আসছে অ্যাপল টিভি

এফওয়ানের সিক্যুয়েল আসছে, স্ট্রিমিং ও সিনেমা হল— দুই মাধ্যমেই থাকবে অ্যাপল

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:৫১ পিএম

বিনোদন জগতে আরও বড় পরিসরে আসছে অ্যাপল টিভি

ছবি: সংগৃহীত

অ অ

স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও সিনেমা হলের জন্য আরও বেশিসংখ্যক চলচ্চিত্র ও টিভি শো নির্মাণের ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। 

অস্কার ও এমি জয়ী সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে বিনোদন খাতে বিনিয়োগ ও কনটেন্টের পরিধি আরও বাড়ানোর লক্ষ্যে কাজ করছে কোম্পানিটি।

ফ্রান্সে অনুষ্ঠিত ‘কান লায়নস ইন্টারন্যাশনাল ফেস্টিভাল অফ ক্রিয়েটিভিটি’তে সম্মাননা গ্রহণকালে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান অ্যাপলের মিডিয়া ও বিনোদন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা এডি কিউ।

এই উৎসবে তাকে ‘২০২৬ এন্টারটেইনমেন্ট পারসন অফ দ্য ইয়ার’ সম্মানে ভূষিত করা হয়েছে।

আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি ২০১৯ সালে ‘অ্যাপল টিভি প্লাস’ স্ট্রিমিং অ্যাপের মাধ্যমে মৌলিক টিভি সিরিজ ও সিনেমা দেখানো শুরু করে। অস্কারজয়ী ‘কোডা’, বক্স-অফিস কাঁপানো ‘এফওয়ান’, এমিজয়ী শো ‘দ্য স্টুডিও’ ও ‘টেড ল্যাসো’র মাধ্যমে এরই মধ্যে বড় সাফল্য পেয়েছে প্রতিষ্ঠানটি।

এডি কিউ জানান, অ্যাপলের হবু প্রধান নির্বাহী জন টার্নাস কোম্পানির কনটেন্টের একজন বড় ভক্ত এবং বিনোদন জগতে অ্যাপলের প্রতিশ্রুতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘আমরা দিন দিন আরও উন্নত হতে ও আরও বেশি কাজ করতে চাই— এটাই এখন আমাদের লক্ষ্য।’

ব্র্যাড পিট অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘এফওয়ান’ বিশ্বজুড়ে বক্স অফিসে ৬৩ কোটি ৪০ লাখ ডলারের বেশি আয় করেছে। কিউ জানিয়েছেন, চিত্রনাট্যকাররা এরই মধ্যে এই ফর্মুলা ওয়ান রেসিং ড্রামার সিক্যুয়েলের কাজ শুরু করেছেন।

কিউ আরও বলেন, অ্যাপল স্ট্রিমিং ও সিনেমা হল— উভয় মাধ্যমের জন্যই চলচ্চিত্র নির্মাণ করবে এবং দুটি মাধ্যম একে অপরের পরিপূরক। গত বছর কোম্পানিটি সেবার নাম পরিবর্তন করে ‘অ্যাপল টিভি’ রেখেছে।

আরও পড়ুন