হোয়াটসঅ্যাপে আসছে ‘ভিউ-ওয়ান্স টেক্সট’, একবার পড়লেই উধাও
মেসেঞ্জার-টেলিগ্রামের মতো এবার হোয়াটসঅ্যাপেও যুক্ত হচ্ছে একবার পড়েই স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ার মতো লিখিত মেসেজ ফিচার
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
ছবি ও ভিডিওর পর এবার হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে একবার পড়লেই মুছে যাওয়ার মতো টেক্সট বা লিখিত মেসেজ পাঠানোর সুবিধা। ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা আরও জোরদার করতে মেটা মালিকানাধীন প্ল্যাটফর্মটি তাদের নিজস্ব অ্যাপে ‘ভিউ-ওয়ান্স টেক্সট’ ফিচারটির পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে।
জনপ্রিয় প্রযুক্তি সাইট ডাব্লিউএবিটাইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, হোয়াটসঅ্যাপ বর্তমানে আইওএস ও অ্যান্ড্রয়েডের সর্বশেষ বিটা সংস্করণে এই ফিচারটি নিয়ে কাজ করছে। অ্যাপলের পরীক্ষামূলক ধাপ ‘টেস্টফ্লাইট’- এ ফিচারটি যুক্ত করায় ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।
আইওএস বিটা সংস্করণে দেখা গেছে, কোনো মেসেজ লেখার পর ব্যবহারকারীরা ‘সেন্ড অ্যাজ ভিউ ওয়ান্স’ নামের একটি নতুন অপশন বেছে নিতে পারবেন। এরপর মেসেজটি যাকে পাঠানো হয়েছে, তিনি তা কেবল একবারই খুলে পড়ার সুযোগ পাবেন এবং চ্যাটবক্স থেকে বের হওয়ার পরপরই তা চিরতরে মুছে যাবে।
নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার স্বার্থে প্রাপক এই মেসেজটি কপি, ফরোয়ার্ড বা অন্য কারও সাথে শেয়ার করতে পারবেন না। এমনকি এই ফিচারের আওতায় আসা টেক্সটের কোনো স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিংও করা যাবে না।
মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও টেলিগ্রামের মতো অন্যান্য জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলোতে এই সুবিধাটি দীর্ঘদিন ধরে চালু রয়েছে। এতদিন হোয়াটসঅ্যাপে এই সুবিধা না থাকায় ব্যবহারকারীদের বেশ ঘুরতি পথ বেছে নিতে হতো; যেমন কোনো টেক্সট লিখে সেটির স্ক্রিনশট নিয়ে তা ‘ভিউ-ওয়ান্স’ ছবি হিসেবে পাঠাতে হতো। নতুন এই ফিচারটি চালু হলে ব্যবহারকারীদের সেই বাড়তি ঝামেলা দূর হবে। তবে ফিচারটি ঠিক কবে নাগাদ সবার জন্য রোল-আউট করা হবে, সে বিষয়ে মেটার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।