ফেসবুক ব্যবহারে লাগবে মাসিক ফি, ঘোষণা মেটার
বিজ্ঞাপননির্ভর আয়ের বাইরে নতুন ব্যবসায়িক পথ খুঁজছে মেটা— তিনটি জনপ্রিয় প্ল্যাটফর্মে আসছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৬, ১০:৫১ পিএম
ছবি: সংগৃহীত
এতদিন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে আলাদা কোনো অর্থ খরচ করতে হতো না। তবে খুব শিগগিরই বদলে যাচ্ছে সেই চিত্র। জনপ্রিয় এই তিন প্ল্যাটফর্মে অর্থের বিনিময়ে বিশেষ সুবিধাসমৃদ্ধ সাবস্ক্রিপশন সেবা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। ফলে অতিরিক্ত কিছু ফিচার ব্যবহার করতে হলে মাসিক ফি গুনতে হবে ব্যবহারকারীদের।
বিজ্ঞাপননির্ভর আয়ের বাইরে নতুন ব্যবসায়িক পথ খুঁজছে মেটা। সেই লক্ষ্যেই 'ইনস্টাগ্রাম প্লাস', 'ফেসবুক প্লাস' এবং 'হোয়াটসঅ্যাপ প্লাস' নামে নতুন তিনটি সাবস্ক্রিপশন সেবা চালুর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে কনটেন্ট নির্মাতা, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার কিছু ব্যবহারকারীর মধ্যে সুবিধাগুলোর পরীক্ষামূলক কার্যক্রম চলছে।
মেটার তথ্য অনুযায়ী, ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাস ব্যবহার করতে মাসে খরচ হবে ৩ দশমিক ৯৯ মার্কিন ডলার। অন্যদিকে হোয়াটসঅ্যাপ প্লাসের জন্য মাসিক ব্যয় হবে ২ দশমিক ৯৯ ডলার। সাবস্ক্রিপশন গ্রহণকারীরা পাবেন বেশ কিছু বাড়তি সুবিধা — প্রোফাইল আরও আকর্ষণীয়ভাবে সাজানোর সুযোগ, বিশেষ অ্যানিমেটেড রিঅ্যাকশন, স্টোরির বিস্তারিত বিশ্লেষণসহ আরও কিছু এক্সক্লুসিভ ফিচার।
তবে মেটা জানিয়েছে, নতুন 'প্লাস' সেবাগুলো বিদ্যমান 'মেটা ভেরিফায়েড' সুবিধার বিকল্প নয়। মেটা ভেরিফায়েড মূলত পরিচয় যাচাই, ভুয়া অ্যাকাউন্ট থেকে সুরক্ষা এবং বিশেষ গ্রাহক সহায়তা প্রদানের জন্য চালু করা হয়েছিল। মেটার পণ্য বিভাগের প্রধান নাওমি গ্লেইট জানিয়েছেন, ভবিষ্যতে এসব সাবস্ক্রিপশন প্ল্যানে আরও নতুন সুবিধা যোগ করা হবে। পাশাপাশি 'মেটা ওয়ান' নামে একটি নতুন ব্র্যান্ডের আওতায় কোম্পানির বিভিন্ন সাবস্ক্রিপশন সেবা একত্র করার পরিকল্পনাও রয়েছে।
বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে সাবস্ক্রিপশনভিত্তিক সেবার জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। সেই ধারায় এবার ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপকেও নতুন ব্যবসায়িক মডেলে নিয়ে যেতে চাইছে মেটা। ফলে ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভিজ্ঞতায় বড় ধরনের পরিবর্তন দেখতে পারেন ব্যবহারকারীরা।