এখন স্মার্টফোনেই ব্যবহার করা যাবে ওপেনএআই কোডেক্স
ফ্রি ব্যবহারকারীরাও সুবিধা পাবেন, উইন্ডোজ সংস্করণও আসছে শিগগিরই
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
মোবাইল সংস্করণে জনপ্রিয় কোডিং অ্যাপ নিয়ে এসেছে ওপেনএআই। এখন থেকে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা চ্যাটজিপিটি অ্যাপের মাধ্যমেই দূর থেকে তাদের মূল কম্পিউটারের কোডিং প্রজেক্ট নিয়ন্ত্রণ ও তদারকি করতে পারবেন।
শুক্রবার (১৬ মে) থেকে চ্যাটজিপিটির সব ব্যবহারকারী, এমনকি একদম বিনামূল্যের সংস্করণ ব্যবহারকারীরাও অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপের মাধ্যমে কোডেক্স ব্যবহার করতে পারবেন। তবে সরাসরি ফোনে বসে কোডিং করা যাবে না। চ্যাটজিপিটি মোবাইল অ্যাপটি এখানে একটি মাধ্যম হিসেবে কাজ করবে, যার সাহায্যে ব্যবহারকারী ফোন থেকেই মূল কোডিং পরিবেশের সঙ্গে যুক্ত হতে পারবেন।
এর বড় সুবিধা হলো, ব্যবহারকারীর ফাইল, পাসওয়ার্ড ও অ্যাক্সেসের বিভিন্ন অনুমতি মূল কম্পিউটারেই সুরক্ষিত থাকবে। বাইরে থাকা অবস্থায়ও চ্যাটজিপিটি কাজের সব আপডেট, যেমন স্ক্রিনশট ও টেস্ট রেজাল্ট পাঠাবে। ফলে ব্যবহারকারী ফোন থেকেই কোডেক্সকে নতুন নির্দেশনা দিতে পারবেন এবং জরুরি প্রজেক্টের কাজ আটকে থাকবে না।
প্রযুক্তি বিশ্লেষকরা এ আপডেটকে কেবল প্রতিযোগী অ্যানথ্রপিকের জবাব হিসেবে দেখছেন না। গত শরৎ থেকেই অ্যানথ্রপিক তাদের ‘ক্লড কোড’ ব্যবহারকারীদের মোবাইলে কাজের সুযোগ দিয়ে আসছে। তবে ওপেনএআইয়ের এ আপডেটকে কোম্পানিটির চলমান ‘সুপার অ্যাপ’ প্রজেক্টের গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে দেখা হচ্ছে। মার্চে ওপেনএআই জানিয়েছিল, তারা এমন একটি একক ডেস্কটপ অ্যাপ তৈরি করছে, যা চ্যাটজিপিটি, কোডেক্স ও তাদের ‘অ্যাটলাস’ ওয়েব ব্রাউজারকে একসঙ্গে সমন্বিত অভিজ্ঞতা হিসেবে উপস্থাপন করবে।
নতুন এ সুবিধা ব্যবহার করতে ফোনের চ্যাটজিপিটি অ্যাপ ও ম্যাকের কোডেক্স অ্যাপ আপডেট করে নিতে হবে। ওপেনএআই জানিয়েছে, উইন্ডোজ অ্যাপের মাধ্যমে যুক্ত হওয়ার সুবিধাও শিগগিরই আসছে।