EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

ইনস্টাগ্রামে এনক্রিপশন ফিচার বন্ধ করল মেটা

এখন থেকে ইনস্টাগ্রামের আপনার মেসেজ, ছবি ও ভিডিও দেখতে পারবে মেটা নিজেই

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৩:৪৪ পিএম

ইনস্টাগ্রামে এনক্রিপশন ফিচার বন্ধ করল মেটা

ছবি: সংগৃহীত

অ অ

বিশ্বজুড়ে ইনস্টাগ্রামের ডাইরেক্ট মেসেজে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা বন্ধ করে দিয়েছে মেটা। এর ফলে এখন থেকে ইনস্টাগ্রামে পাঠানো সব মেসেজ, ছবি, ভিডিও ও ভয়েস নোট কোম্পানিটি নিজেই দেখতে ও অ্যাক্সেস করতে পারবে।

এটিকে মেটার জন্য বড় ধরনের নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ২০১৯ সালে মেটা প্রতিশ্রুতি দিয়েছিল, ফেইসবুক ও ইনস্টাগ্রামের মেসেজিং সিস্টেমে এন্ড-টু-এন্ড এনক্রিপশন যোগ করা হবে এবং ব্যবহারকারীদের ভবিষ্যৎ হবে ‘ব্যক্তিগত ও গোপন’। ২০২৩ সালে ফেইসবুক মেসেঞ্জারে প্রযুক্তিটি চালু করার পর ইনস্টাগ্রামেও ঐচ্ছিকভাবে এটি চালু করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সাত বছরের পরিকল্পনা থেকে সরে এসে মেটা এখন সম্পূর্ণ বিপরীত সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, মেটা এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করে নীরবে মার্চ মাসে অ্যাপের শর্তাবলিতে পরিবর্তন এনেছে। সেখানে বলা হয়েছে, ‘২০২৬ সালের ৮ মে থেকে ইনস্টাগ্রামে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড মেসেজিং আর কাজ করবে না।’

মেটা বলছে, খুব সামান্যসংখ্যক ব্যবহারকারী এ ফিচারটি বেছে নিয়েছিলেন বলেই তা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশ্লেষকরা এই যুক্তি মানতে নারাজ। তাদের মতে, যেকোনো ঐচ্ছিক ফিচার চালু করতে বাড়তি ঝামেলার কারণে ব্যবহারকারীর আগ্রহ এমনিতেই কম থাকে।

গ্রিশাম কলেজের আইটি অধ্যাপক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ভিক্টোরিয়া বেইনস মনে করেন, এর পেছনে আরও গভীর কারণ থাকতে পারে। তিনি বলেন, ‘বর্তমানে মেটার মতো কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল প্রশিক্ষণের ওপর জোর দিচ্ছে, যার জন্য মেসেজের তথ্য মূল্যবান হতে পারে।’ তবে ইনস্টাগ্রাম আগে জানিয়েছে, তারা এআই প্রশিক্ষণে ডাইরেক্ট মেসেজ ব্যবহার করে না।

এ সিদ্ধান্তে শিশু সুরক্ষা সংগঠনগুলো সন্তুষ্ট হলেও প্রাইভেসি কর্মীরা ক্ষুব্ধ। শিশু সুরক্ষা সংগঠন এনএসপিসিসির প্রতিনিধি রানি গোভেন্ডার বলেছেন, এনক্রিপশনের আড়ালে অপরাধীরা শনাক্ত এড়াতে পারত এবং শিশু নির্যাতনের ঘটনা আড়ালে থাকত। মেটার এ পদক্ষেপে তারা ‘সত্যিই আনন্দিত।’

অন্যদিকে, ‘বিগ ব্রাদার ওয়াচ’- এর মায়া টমাস বলেছেন, এন্ড-টু-এন্ড এনক্রিপশন শিশুদের অনলাইন তথ্য নিরাপদ রাখার অন্যতম প্রধান উপায়। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, মেটা সরকারি চাপের কাছে নতি স্বীকার করছে কি না।

বর্তমানে হোয়াটসঅ্যাপ, ফেইসবুক মেসেঞ্জার, আইমেসেজ ও গুগল মেসেজে এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু আছে। এর আগে মার্চে টিকটকও জানিয়েছে, ডাইরেক্ট মেসেজে এ প্রযুক্তি চালুর কোনো পরিকল্পনা তাদের নেই।

বিশ্লেষকরা সতর্ক করছেন, মেটা ও টিকটকের এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের বিস্তারকে ধীর করে দিতে পারে। ফলে এ নিরাপত্তা ব্যবস্থাটি কেবল নির্দিষ্ট কিছু মেসেজিং অ্যাপের মধ্যেই সীমিত হয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

আরও পড়ুন