EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

কীভাবে কাজ করে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র?

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করছে পারমাণবিক শক্তির যুগে

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পিএম

কীভাবে কাজ করে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র?

ছবি: সংগৃহীত

অ অ

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে মঙ্গলবার বিকালে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম লোডিং কার্যক্রম শুরু হয়েছে। এই মাইলফলক স্পর্শের মধ্য দিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক জ্বালানি ব্যবহারকারী দেশের তালিকায় নাম লেখাতে চলেছে।

ইউরেনিয়াম মূলত একটি প্রাকৃতিক খনিজ পদার্থ, যা বিভিন্ন পাথর ও মাটিতে পাওয়া যায়। তবে খনি থেকে তোলা কাঁচা ইউরেনিয়াম সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহারযোগ্য নয়। এটি কয়েক ধাপে প্রক্রিয়াজাত করে পারমাণবিক জ্বালানিতে রূপান্তর করতে হয়।

ইউরেনিয়ামের দুটি গুরুত্বপূর্ণ রূপ বা আইসোটোপ রয়েছে- ইউ-২৩৮ এবং ইউ-২৩৫। প্রকৃতিতে ইউ-২৩৮ বেশি পাওয়া গেলেও এটি সরাসরি বিদ্যুৎ উৎপাদনে কাজে আসে না। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আসল চালিকাশক্তি হলো ইউ-২৩৫।

এ কারণে ইউরেনিয়ামকে বিশেষ প্রক্রিয়ায় ‘সমৃদ্ধ’ করা হয়- অর্থাৎ ইউ-২৩৫-এর ঘনত্ব বাড়ানো হয়। সমৃদ্ধকরণের পর এই ইউরেনিয়াম ছোট ছোট ট্যাবলেট বা প্যালেটে রূপান্তরিত হয়, যা দেখতে পেন্সিলের রাবার ইরেজারের মতো।

প্রতিটি প্যালেট প্রায় ১২ ফুট লম্বা একটি ধাতব নলে সাজানো হয়, যাকে বলা হয় ফুয়েল ক্ল্যাডিং। নলের দুই মাথা সিল করে তৈরি হয় একটি ফুয়েল রড। এরপর ১০০ থেকে ৩০০টি ফুয়েল রড বর্গাকারে সাজিয়ে তৈরি হয় একটি ফুয়েল অ্যাসেম্বলি। একটি রিঅ্যাক্টরে সাধারণত দেড়শো থেকে আড়াইশোটি ফুয়েল অ্যাসেম্বলি থাকে।

যেভাবে ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ তৈরি হয়

রিঅ্যাক্টরের ভেতরে একটি নিউট্রন ইউ-২৩৫ পরমাণুর নিউক্লিয়াসে আঘাত করলে সেটি বিভক্ত হয়ে পড়ে- এই প্রক্রিয়ার নাম ফিশন বা বিভাজন। বিভক্ত হওয়ার সময় আরও কিছু নিউট্রন ছিটকে বের হয় এবং বিপুল পরিমাণ তাপ উৎপন্ন হয়।

ছিটকে বেরোনো নিউট্রনগুলো আবার অন্য ইউ-২৩৫ পরমাণুকে আঘাত করে। এভাবে একটি শৃঙ্খল বিক্রিয়া বা চেইন রিঅ্যাকশন চলতে থাকে- এবং অনবরত তাপ উৎপন্ন হতে থাকে।

এই তাপে পানি বাষ্পে পরিণত হয়। সেই বাষ্প উচ্চচাপে টারবাইন ঘোরায়। টারবাইনের সঙ্গে যুক্ত জেনারেটর থেকে তৈরি হয় বিদ্যুৎ। পুরো প্রক্রিয়াটি কয়লা বা গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রের মতোই- শুধু জ্বালানির উৎস ভিন্ন।

আরও পড়ুন