EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

লাইভ ভিডিওতে বিজ্ঞাপন দেখাবে না ইউটিউব, তবে...

মূলত লাইভ চ্যাটে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বজায় রাখতে এবং নির্মাতাদের উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পিএম

লাইভ ভিডিওতে বিজ্ঞাপন দেখাবে না ইউটিউব, তবে...

ছবি: সংগৃহীত

অ অ

ইউটিউবে লাইভ ভিডিও দেখার সময় ঘন ঘন বিজ্ঞাপনের বিড়ম্বনা থেকে দর্শকদের মুক্তি দিতে নতুন এক ফিচার নিয়ে আসছে গুগল মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। এখন থেকে লাইভ চলাকালীন নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে দর্শকরা বিজ্ঞাপনমুক্ত বা ‘অ্যাড-ফ্রি’ ভিডিও দেখার সুযোগ পাবেন।

মূলত লাইভ চ্যাটে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বজায় রাখতে এবং নির্মাতাদের উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউটিউব জানিয়েছে, লাইভ ভিডিও চলাকালীন যেসব দর্শক কনটেন্ট নির্মাতাকে আর্থিকভাবে সহায়তা করবেন, তারা সাময়িকভাবে বিজ্ঞাপনহীন স্ট্রিমিং উপভোগ করতে পারবেন।

কোনো দর্শক যদি সুপার চ্যাট, সুপার স্টিকার কিংবা কোনো উপহার পাঠিয়ে নির্মাতাকে সহায়তা করেন, তবেই এই সুবিধা চালু হবে।

আর্থিক সহায়তা পাঠানোর সাথে সাথেই ওই দর্শকের জন্য একটি নির্দিষ্ট সময়ের জন্য বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে, যাকে ইউটিউব বলছে ‘অ্যাড-ফ্রি উইন্ডো’।

যেসব চ্যানেলে বিজ্ঞাপন বা মনিটাইজেশন চালু আছে, সেসব ক্ষেত্রে এই ফিচারটি স্বয়ংক্রিয়ভাবেই কার্যকর হবে।

ইউটিউবের মতে, লাইভ স্ট্রিমিংয়ের গুরুত্বপূর্ণ মুহূর্তে বিজ্ঞাপন অনেক সময় দর্শক ও নির্মাতার মধ্যকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। বিশেষ করে যখন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা বা প্রশ্নোত্তর পর্ব চলে, তখন বিজ্ঞাপন বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। নতুন এই পদ্ধতির ফলে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আর বিজ্ঞাপনের কারণে ব্যাহত হবে না।

‘দর্শক অভিজ্ঞতা উন্নত করতে এবং গুরুত্বপূর্ণ যোগাযোগের মুহূর্তগুলো নির্বিঘ্ন রাখতেই এই পরিবর্তন আনা হচ্ছে।’- ইউটিউব কর্তৃপক্ষ

তবে এই সুবিধা সবার জন্য ঢালাওভাবে কার্যকর হচ্ছে না। ইউটিউব স্পষ্ট করেছে যে, এটি শুধুমাত্র আর্থিক সহায়তা প্রদানকারী দর্শকদের জন্য সীমিত পরিসরে কার্যকর হবে। একবার অর্থ পাঠালে ঠিক কতক্ষণ বা কত মিনিটের জন্য বিজ্ঞাপন বন্ধ থাকবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি প্রতিষ্ঠানটি।

ইউটিউবের এই নতুন পদক্ষেপ একদিকে যেমন নির্মাতাদের আয় বাড়াতে সহায়তা করবে, অন্যদিকে প্রিমিয়াম অভিজ্ঞতা পেতে আগ্রহী দর্শকদের লাইভ স্ট্রিমিংয়ে আরও বেশি সম্পৃক্ত করবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন