EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

ঢাকায় গ্যাগারিন বিজ্ঞান ও শিল্প উৎসব শুরু

১৯৬১ সালের ১২ এপ্রিল ইউরি গ্যাগারিনের সেই ঐতিহাসিক মহাকাশ অভিযানকে স্মরণীয় করে রাখতে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৯:১১ পিএম

ঢাকায় গ্যাগারিন বিজ্ঞান ও শিল্প উৎসব শুরু

ছবি: সংগৃহীত

অ অ

মানব ইতিহাসের প্রথম মহাকাশযাত্রার ৬৫তম বার্ষিকী উপলক্ষ্যে ঢাকাস্থ রুশ ভবনে (রাশিয়ান হাউস) শুরু হয়েছে ‘ইউরি গাগারিন সায়েন্স ফেস্টিভ্যাল ২০২৬’। 

১৯৬১ সালের ১২ এপ্রিল ইউরি গ্যাগারিনের সেই ঐতিহাসিক মহাকাশ অভিযানকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সপ্তাহব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে আলেকজান্দ্রা খলেভনয় আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান এবং গ্যাগারিনের মহাকাশযাত্রার বৈশ্বিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই যাত্রা মহাকাশ যুগের সূচনা করেছিল এবং মানব অর্জনের নতুন দিগন্ত উন্মোচন করেছিল। গ্যাগারিনের এই উত্তরাধিকার আজও তরুণ প্রজন্মকে কৌতূহল, সাহস ও বৈজ্ঞানিক উদ্দীপনায় অনুপ্রাণিত করে।

একই সঙ্গে তিনি রাশিয়া ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সহযোগিতার বিষয়টি তুলে ধরেন- যার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এবং রাশিয়া ও সাবেক সোভিয়েত ইউনিয়নের বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত ৬ হাজারের বেশি বাংলাদেশি গ্র্যাজুয়েটের অবদান উল্লেখযোগ্য।

তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানে আগ্রহী হতে এবং নতুন দিগন্ত অন্বেষণে এগিয়ে আসতে উৎসাহিত করেন। পাশাপাশি তিনি তরুণদের রাশিয়ান হাউস ইন ঢাকার মাধ্যমে রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে জ্যোতির্বিজ্ঞান ও সংশ্লিষ্ট বিষয়ে অধ্যয়নের সুযোগ নেওয়ার আহ্বান জানান। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনসহ সকল অংশগ্রহণকারী ও অতিথিদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই উৎসবটি সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তরুণদের মধ্যে বৈজ্ঞানিক কৌতূহল, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা বিকাশের লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী দিনে ‘ইউরি গাগারিন- মহাকাশে প্রথম মানব’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী এবং বিজ্ঞানীদের ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এছাড়া সপ্তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘সিওলকভস্কি’ থেকে নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়, যার মধ্যে ছিল প্রামাণ্যচিত্র ‘গ্যাগারিন: এমব্রেসিং দ্য ওয়ার্ল্ড’ এবং অ্যানিমেটেড সিরিজ ‘দ্য ফ্লাইং স্টোরি’।

এদিন আলবার্ট আইনস্টাইনের ওপর আরিফ আসগরের উপস্থাপনায় একটি বিজ্ঞান বিষয়ক সেমিনার এবং স্কুল শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জনাব মশিউর আমিন ইউরি গ্যাগারিনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁকে ‘বিশ্ব নায়ক’ এবং মানুষের সাহস ও অনুসন্ধিৎসার প্রতীক হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয় এবং টেলিস্কোপের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম সমাপ্ত হয়। উল্লেখ্য, ইউরি গ্যাগারিন আলোকচিত্র প্রদর্শনী এবং বিজ্ঞানীদের ভাস্কর্য প্রদর্শনী ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল প্রতিদিন সবার জন্য উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন