EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

ইউটিউব চালু করল ‘অটো ডাবিং’ ফিচার

এ সুবিধায় ২৭টি ভাষায় ভিডিও ডাব করা যাবে

ডেইলি সান রিপোর্ট, বিজ্ঞান ও প্রযুক্তি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৫ পিএম

ইউটিউব চালু করল ‘অটো ডাবিং’ ফিচার
অ অ

শখ কিংবা অনলাইন আয়ের উদ্দেশ্যে অনেকেই ইউটিউবে চ্যানেল খুলে নিয়মিত ভিডিও আপলোড করেন। কিন্তু দীর্ঘদিন মানসম্মত কনটেন্ট প্রকাশ করলেও ভাষার বাধার কারণে সেগুলো অন্য ভাষাভাষী দর্শকদের কাছে তেমন পৌঁছাতে পারে না। এই সীমাবদ্ধতা দূর করতে গত সেপ্টেম্বরে ইউটিউব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘অটো ডাবিং’ ফিচার চালু করে। আগে এটি কেবল অল্প কিছু চ্যানেলের জন্য উন্মুক্ত ছিল, তবে এখন থেকে প্ল্যাটফর্মের সব নির্মাতা এই সুবিধা ব্যবহার করতে পারবেন। ফলে অটো ডাবিং কাজে লাগিয়ে নিজের ভিডিও আরও বিস্তৃত দর্শকের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হলো।

ইউটিউব জানিয়েছে, অটো ডাবিং সুবিধার আওতায় দর্শকেরা ২৭টি ভাষায় ভিডিওর ডাব করা অডিও শুনতে পারবেন। এত দিন জনপ্রিয় অনেক ইউটিউবার নিজেদের উদ্যোগে ডাব করা ভিডিও প্রকাশ করতেন। তবে ছোট ও মাঝারি চ্যানেলগুলোর পক্ষে সেটি সহজ ছিল না। নতুন সুবিধাটি সেই সমস্যার সমাধান করবে। অটো ডাবিংয়ের পাশাপাশি ‘এক্সপ্রেসিভ স্পিচ’ নামে আরও একটি সুবিধা চালু করেছে ইউটিউব। সুবিধাটি চালুর ফলে ডাব করা কণ্ঠস্বর আরও স্বাভাবিক ও আবেগপূর্ণভাবে শোনা যাবে। প্রাথমিকভাবে এ সুবিধা ৮টি ভাষায় ব্যবহার করা যাবে।

অটো ডাবিং সুবিধার মান আরও উন্নত করতে শিগগিরই ‘লিপ সিঙ্ক’ প্রযুক্তিও চালু করা হবে বলে জানিয়েছে ইউটিউব। অনুবাদ করা অডিওর সঙ্গে ভিডিওতে থাকা চরিত্রের ঠোঁটের নড়াচড়া বর্তমানের তুলনায় আরও সামঞ্জস্যপূর্ণ করে তুলবে সুবিধাটি। ফলে ডাব করা ভিডিওর কথোপকথন বর্তমানের তুলনায় আরও বাস্তব মনে হবে।

দর্শকদের অভিজ্ঞতা উন্নত করতে ‘প্রেফারড ল্যাঙ্গুয়েজ’ সেটিংস সুবিধাও চালু করতে যাচ্ছে ইউটিউব। সুবিধাটি চালু হলে ব্যবহারকারীরা যেকোনো ভিডিও মূল ভাষায় দেখতে পারবেন, আবার চাইলে ডাব করা সংস্করণও বেছে নিতে পারবেন। ফলে দর্শকেরা নিজেদের পছন্দ অনুযায়ী ভাষা পরিবর্তনের সুযোগ পাবেন।

আরও পড়ুন