মো. তারেক রহমান
বিশ্বের প্রায় সব দেশেই বেসরকারিভাবে জ্বালানি তেল আমদানি হয়
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০১:০৮ এএম
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপানসহ অর্থনীতিতে শক্তিশালী বিশ্বের প্রায় সব দেশেই জ্বালানি তেল বেসরকারিভাবে আমদানি হয় বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। বুধবার (১২ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে জ্বালানি তেল সম্পূর্ণ বেসরকারিভাবে আমদানি হয়। ইউরোপের বেশির ভাগ দেশে বেসরকারি তত্ত্বাবধানে আমদানি হয়। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এমনকি জাপানেও বেসরকারি তত্ত্বাবধানে। এমনকি আমাদের দেশের সঙ্গে তুলনা করার জন্য গুরুত্বপূর্ণ দুটি দেশ ভারত ও পাকিস্তানেও জ্বালানি তেল বেসরকারিভাবে আমদানি হয়।’
তিনি বলেন, ‘আমি নিউজে দেখছিলাম যে সরকারি তত্ত্বাবধানে ২০% সিস্টেম লস হয়। সরকার আমদানি করা তেল সংগ্রহ করছে, ওইটা যখন ডিপোতে আসছে—এই আসার পথে একবার চুরি হয়। ডিপো থেকে যখন আবার পেট্রল পাম্পে যায়, সেই পথে একবার চুরি হয়। এই যে ২০% সিস্টেম লস—এটা কি কেউ বিদেশ থেকে নিয়ে আসে বা বিদেশি কম্পানি দেয়? এটা কি জনগণের পকেট থেকে কাটে না?’
তিনি প্রশ্ন করেন, যখন কোনো বেসরকারি প্রতিষ্ঠান এটা ডিল করবে, তখন তাদের ট্রাক থেকে বা তেলের লরি থেকে ১০ লিটার তেলও যদি বের হয়, তারা কি এটা ছাড় দেবে নাকি?
তারেক রহমান আরো বলেন, ‘সিস্টেম লসের কারণে বিপিসি গত দিনেও মনে হয় কয়েক হাজার কোটি টাকা ভর্তুকি চাইছে সরকারের কাছে।
এই ভর্তুকি কোথা থেকে দেবে? জনগণের কাছ থেকেই নিয়ে দেবে। এই ২০% সিস্টেম লস না হলে আজকে বাংলাদেশে ১১০ থেকে ১১২ টাকা করে তেল দেওয়া সম্ভব। আমরা তেল কত করে পাচ্ছি ১৪০-১৪৫ টাকা। তাহলে এই ভর্তুকির টাকা তো আমার কাছ থেকেই আলটিমেটলি নিচ্ছে। তাই না?’