ফেসবুকে জামায়াত-বিএনপির প্রচারণা নিয়ে জুলকারনাইন সায়েরের পোস্ট
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক প্রচারণা নিয়ে আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্ট নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দেওয়া ওই পোস্টে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে পরিচালিত পেইজ ক্যাম্পেইন বিষয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজের বিজ্ঞাপন ব্যবস্থাপনা (অ্যাড ম্যানেজার) পর্যবেক্ষণ করে তিনি কয়েকটি সক্রিয় ক্যাম্পেইনের তথ্য দেখতে পান। তার দাবি অনুযায়ী, নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে একাধিক পোস্ট বুস্ট করে প্রচার করা হয়েছে এবং কিছু স্পন্সরড ক্যাম্পেইন চলমান রয়েছে।
অন্যদিকে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফেসবুক পেজ পর্যালোচনা করে তিনি দাবি করেন, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে সেখানে কোনো স্পন্সরড পোস্ট দেখা যায়নি। সর্বশেষ বুস্ট করা পোস্টটি গত বছরের অক্টোবর মাসে প্রচারিত হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
জুলকারনাইন সায়ের তার পোস্টে জানান, মোবাইল ফোনে ফেসবুকের অ্যাড লাইব্রেরিতে পাওয়া তথ্যের ভিত্তিতেই এসব পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, জামায়াত আমিরের ফেসবুক পেজ থেকে একটি ভুয়া জরিপের ফলাফল বুস্ট করে প্রচার করা হয়েছে বলেও তার কাছে প্রতীয়মান হয়েছে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।