ইনকিলাব মঞ্চের বিক্ষোভ
পুলিশের পদক্ষেপ নিয়ে আজহারীর পোস্ট
এ ঘটনায় ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ অন্তত ৩১ জন আহত হন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১১ পিএম
জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে আন্দোলনকারীদের সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রার সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
এ ঘটনায় ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ অন্তত ৩১ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার নিন্দা জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। শনিবার (৭ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ভিডিওতে দেখা যাচ্ছে—ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের বেধড়ক পেটাচ্ছে পুলিশ। বিচার চাইতে এসে শিক্ষার্থীদের এমন নির্মমতার শিকার হওয়া অত্যন্ত লজ্জার ও দুঃখজনক।
তিনি আরও বলেন, যে কোনো পোশাকি বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে আরও বেশি সংযত, পেশাদার এবং মানবিক আচরণ করবেন বলে প্রত্যাশা করি। ইনকিলাব মঞ্চের প্রতিবাদ সমাবেশে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ ও আগ্রাসী আচরণের নিন্দা জানাই।'