EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে আনসার সদস্যের ৯৮ হাজার রিয়াল উদ্ধার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম

ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে আনসার সদস্যের ৯৮ হাজার রিয়াল উদ্ধার

ছবি: সংগৃহীত

অ অ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনকালে নগদ অর্থ ঘুষ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার সৌদি রিয়ালসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার করা রিয়ালের বাংলাদেশি মুদ্রায় আনুমানিক মূল্য ৩২ লাখ ৩৪ হাজার টাকা।

রবিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে বিমানবন্দরের হেভি লাগেজের ৪ নম্বর গেটে প্রবেশের সময় চেকিংকালে দুবাইগামী যাত্রী মোহাম্মদ হালিমের গতিবিধি সন্দেহজনক মনে হয় কর্তব্যরত আনসার সদস্য পিসি মো. নিজাম উদ্দিনের। 

এসময় ওই যাত্রী বিষয়টি এড়িয়ে যেতে পিসি মো. নিজাম উদ্দিনকে টাকা দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু তিনি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি শিফটে দায়িত্বে থাকা উপজেলা প্রশিক্ষক ওমর ফারুককে অবহিত করেন।

খবর পেয়ে উপজেলা প্রশিক্ষক ওমর ফারুক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পিসি মো. আলমগীর হোসেন ও আনসার সদস্য চঞ্চল সাদেক রানাকে সঙ্গে নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে ওই যাত্রীর সঙ্গে থাকা মালামাল তল্লাশি করেন। এ সময় তার কাছ থেকে ৯৮ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়। পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (শিফট) আটক যাত্রী ও উদ্ধারকৃত রিয়াল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

আটক যাত্রী মোহাম্মদ হালিমের পিতা জজ মিয়া কুমিল্লার হোমনা উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনায় দায়িত্ব পালনকালে ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে আনসার সদস্যের তাৎক্ষণিক ও দায়িত্বশীল পদক্ষেপ বাহিনীর সততা, পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত।

এ ধরনের নিষ্ঠা ও দৃঢ়তা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনসাধারণের আস্থা ও নিরাপত্তাবোধকে আরও সুদৃঢ় করে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশব্যাপী সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে জানানো হয়েছে এ বিজ্ঞপ্তিতে। 

আরও পড়ুন