EN ☀️
×

Follow Us

বিনোদন

হলিউড অভিনেত্রীর নতুন বিজ্ঞাপন নিয়ে তোলপাড়

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম

হলিউড অভিনেত্রীর নতুন বিজ্ঞাপন নিয়ে তোলপাড়

হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। ছবি: এএফপি

অ অ

হলিউড অভিনেত্রী সিডনি সুইনি এবার সিনেমা বা সিরিজে নয়, আলোচনায় এসেছেন একটি বিজ্ঞাপনকে ঘিরে। নতুন স্পোর্টস ট্রেডিং ও প্রেডিকশন অ্যাপ নোভিগের বিজ্ঞাপনে প্রায় পুরোপুরি নগ্ন হয়ে ক্যামেরার সামনে হাজির হয়েছেন ‘ইউফোরিয়া’ খ্যাত এই অভিনেত্রী। সুইনি শুধু এই বিজ্ঞাপনের মুখ নন, নোভিগের কৌশলগত অংশীদার ও শেয়ারহোল্ডারও হয়েছেন।

বিজ্ঞাপনটিতে সুইনিকে দেখা যায় বিভিন্ন খেলাধুলার সরঞ্জামের সঙ্গে। কোথাও বাস্কেটবল ও ফুটবল দিয়ে শরীরের গুরুত্বপূর্ণ অংশ ঢেকেছেন, কোথাও আবার হকি গোলপোস্ট, ফুটবল প্যাড, বেসবল ক্যাচারের হেলমেট কিংবা হকি গোলকিপারের মাস্ক ব্যবহার করেছেন। বিজ্ঞাপনের শুরুতে তাঁকে বলতে শোনা যায়, ‘ভাবছেন খেলাধুলা সম্পর্কে আপনি সব জানেন? তাহলে প্রমাণ করুন।’ এরপর বাস্কেটবল হুপের ওপর বসে থাকতে দেখা যায় তাঁকে, শরীর ঢাকা কয়েকটি বাস্কেটবল ও ফুটবল দিয়ে। একপর্যায়ে তিনি নোভিগের জার্সিও পরেন।

বিজ্ঞাপনটি নিয়ে এক বিবৃতিতে সুইনি জানান, মজার একটি ধারণাকে সামনে আনাই ছিল এই প্রচারের উদ্দেশ্য—সব ধরনের বাড়তি আয়োজন সরিয়ে মনোযোগ পুরোপুরি খেলাধুলার দিকে নেওয়া।

নোভিগ গত মাসে যুক্তরাষ্ট্রজুড়ে কার্যক্রম শুরু করেছে। ফেডারেল নিয়ন্ত্রিত কাঠামোর আওতায় পরিচালিত এই প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য বয়স হতে হয় অন্তত ২১ বছর। আধুনিক আর্থিক বাজারের ট্রেডিং পদ্ধতির সঙ্গে খেলাধুলাকেন্দ্রিক প্রেডিকশন মার্কেটের ধারণা মিলিয়েছে প্রতিষ্ঠানটি।

খোলামেলা বিজ্ঞাপনে সুইনির উপস্থিতি এবারই প্রথম নয়। চলতি বছর নিজের অন্তর্বাসের ব্র্যান্ড সির্ন চালুর পর সেখানকার প্রচারণাতেও একাধিক ভিডিওতে দেখা গেছে তাঁকে। গত বছর আমেরিকান ইগলের একটি জিনসের বিজ্ঞাপনেও অভিনয় করেছিলেন তিনি, যেখানে ‘গুড জিনস’ শব্দ নিয়ে করা শব্দখেলা নিয়ে অনলাইনে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল।

অভিনয়ের দিক থেকেও এখন ব্যস্ত সময় পার করছেন সুইনি। ‘দ্য হাউসমেইড’-এর সাফল্যের পর এর সিকুয়েল ‘দ্য হাউসমেইডস সিক্রেট’-এ দেখা যাবে তাঁকে। এর আগে তুলনামূলক ছোট বাজেটের রোমান্টিক কমেডি ‘এনিবডি বাট ইউ’-তে অভিনয় করা সুইনির সেই ছবিটি প্রায় ৪০ কোটি ডলার আয় করে বড় বক্স অফিস সাফল্য পায়। সামনে তাঁকে দেখা যাবে নেটফ্লিক্সের ‘গান্ডাম’ সিনেমা এবং স্টুডিওক্যানালের ‘দ্য কাস্টম অব দ্য কান্ট্রি’-তেও।

আরও পড়ুন