EN ☀️
×

Follow Us

শিক্ষা

হস্তক্ষেপ নয়, গুণগত মানেই হবে গবেষণা মূল্যায়ন: ইউজিসি চেয়ারম্যান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম

হস্তক্ষেপ নয়, গুণগত মানেই হবে গবেষণা মূল্যায়ন: ইউজিসি চেয়ারম্যান

হিট প্রকল্পের আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। ছবি: সংগৃহীত

অ অ

গবেষণা প্রস্তাব মূল্যায়নে কোনো প্রভাব, চাপ বা হস্তক্ষেপ বিবেচনায় না নিয়ে শুধু প্রকল্পের উপযোগিতা ও গুণগত মানের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের ‘উপ-প্রকল্প মূল্যায়নের মানদণ্ড পরিচিতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

মূল্যায়নকারীদের উদ্দেশে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘শুধুমাত্র উপযোগিতার ভিত্তিতে প্রকল্প প্রস্তাব মূল্যায়ন করুন—এর বেশি কিছু নয়, কমও নয়।’ তিনি বলেন, মূল্যায়নে মেধা, গুণগত মান, প্রাসঙ্গিকতা ও সম্ভাব্য ফলাফলকে গুরুত্ব দিতে হবে।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, মূল্যায়নের দায়িত্ব পাওয়ার পর অনেক সময় প্রস্তাবদাতারা মূল্যায়নকারীদের ফোন করে নিজেদের প্রকল্প সম্পর্কে জানানোর চেষ্টা করেন। মূল্যায়নের দুই-তিন দিন আগে দায়িত্বের কথা জানানো হলে এমন যোগাযোগের প্রবণতা দেখা যায়।

নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক ধাপে মূল্যায়নকারী নির্বাচন করা হয়েছে বলে জানান তিনি। কাজ শুরুর আগে মূল্যায়নকারীদের কী কাজ করতে হবে, তাও গোপন রাখা হয়। এতে সম্ভাব্য প্রভাব ও অনাকাঙ্ক্ষিত যোগাযোগের সুযোগ কমেছে বলে তিনি জানান।

তিনি বলেন, প্রক্রিয়াকে আরও মেধাভিত্তিক ও বিশ্বাসযোগ্য করতে ইউজিসি বিভিন্ন উদ্যোগ নিয়েছে। প্রভাব, চাপ বা হস্তক্ষেপের কোনো ঘটনা ঘটলে কমিশন তা গুরুত্বের সঙ্গে দেখবে বলেও জানান।

গবেষণাকে উচ্চশিক্ষার অন্যতম মূল ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, গবেষণা ব্যবস্থাপনা ও পরিচালনার পদ্ধতিকে বিশ্বাসযোগ্য করতে হবে। বরাদ্দ অর্থ যথাযথভাবে ব্যয় হচ্ছে কি না এবং ফলাফল দেশ, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজে লাগছে কি না, তা নিশ্চিত করা জরুরি।

ইউজিসি ও সরকার যৌথভাবে দেশে একটি কার্যকর ও টেকসই গবেষণা ইকোসিস্টেম গড়ে তুলতে চাইছে বলেও জানান তিনি। এ জন্য গবেষণার মানোন্নয়নের পাশাপাশি ফলাফল দৃশ্যমান ও ব্যবহারযোগ্য করতে হবে।

ধীরগতি হলে ব্যবস্থা

হিট প্রকল্পের উপ-প্রকল্পগুলোর অগ্রগতি নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে বলে জানান ইউজিসি চেয়ারম্যান। কোনো উপ-প্রকল্পে ধীরগতি, অনিয়ম বা গুরুতর সমস্যা দেখা গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গবেষকদের নির্ধারিত সময়ে কাজ শেষ করারও আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘গবেষণা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাণ। দেশের মানুষের উপকারে আসে—এমন বিষয়ে গবেষণাকে অগ্রাধিকার দিতে হবে।’ হিট প্রকল্পের গবেষণার ফলাফলও দৃশ্যমান করার কথা বলেন তিনি, যাতে মানুষের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হয় এবং সরকারি বিনিয়োগের সুফল স্পষ্ট হয়।

সভায় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন ও হিট প্রকল্পের প্রকল্প পরিচালক ড. আসাদুজ্জামান বক্তব্য দেন। ইউজিসি ও হিট প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন