EN ☀️
×

Follow Us

শিক্ষা

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় শিক্ষামেলা

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নে আইসিসিবিতে শিক্ষার্থীদের ঢল

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১১:০৭ এএম

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নে আইসিসিবিতে শিক্ষার্থীদের ঢল

আইসিসিবিতে বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলার দ্বিতীয় দিনে গতকাল শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। ছবি: সংগৃহীত

অ অ

বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, স্কলারশিপ এবং ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য জানতে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা-২০২৬-এ শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। মেলার দ্বিতীয় দিনে শুক্রবার দিনভর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়।

আয়োজকরা জানান, শুক্রবার প্রায় ১০ হাজার শিক্ষার্থী ও অভিভাবক মেলায় অংশ নেন। তাঁরা সরাসরি দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ভর্তি প্রক্রিয়া, বৃত্তি, টিউশন ফি, ভিসা, ভাষা পরীক্ষার প্রস্তুতি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। তিন দিনব্যাপী এই শিক্ষামেলা শনিবার রাত ৮টায় শেষ হবে।

গত বৃহস্পতিবার শুরু হওয়া এ মেলায় ৩৫টি স্টলে বিশ্বের ৪৫টিরও বেশি দেশের আড়াই হাজারের বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। পাশাপাশি ইউরোপিয়ান, মালয়েশিয়ান ও যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা এক্সপো, বিজনেস-টু-বিজনেস (বিটুবি) নেটওয়ার্কিং সেশন এবং বিভিন্ন পরামর্শমূলক কার্যক্রমও অনুষ্ঠিত হচ্ছে।

মেলার দ্বিতীয় দিনে আইসিসিবির গুলনকশা হলে ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি স্টলেই শিক্ষার্থীদের ভিড়। কেউ যুক্তরাজ্য, কানাডা কিংবা অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানতে আগ্রহী, আবার কেউ ইউরোপ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি শর্ত, বৃত্তি এবং সম্ভাব্য ব্যয় সম্পর্কে তথ্য নিচ্ছেন। অনেক শিক্ষার্থী একই দিনে একাধিক দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে নিজের উচ্চশিক্ষার পরিকল্পনা সাজিয়ে নিচ্ছেন।

বিদেশে উচ্চশিক্ষায় আর্থিক সহায়তার বিষয়ে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরাও শিক্ষার্থীদের পরামর্শ দেন। সহজ শর্তে শিক্ষা ঋণসহ বিভিন্ন আর্থিক সুবিধার তথ্য তুলে ধরা হয় তাঁদের পক্ষ থেকে।

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্ভরযোগ্য তথ্য পাওয়া। এই মেলায় এসে এক জায়গায় বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলতে পেরে তিনি স্কলারশিপ, টিউশন ফি, ভর্তি প্রক্রিয়া ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে বাস্তব ধারণা পেয়েছেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিয়া রহমান বলেন, বিদেশে উচ্চশিক্ষা নিয়ে বিভিন্ন উৎস থেকে তথ্য পেলেও অনেক বিষয়ে সংশয় ছিল। মেলায় এসে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের কাছ থেকে সরাসরি তথ্য পাওয়ায় সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়েছে।

এনসিসি ব্যাংকের কর্মকর্তা মেহেদি ইসলাম জানান, বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য সহজ শর্তে শিক্ষা ঋণের ব্যবস্থা রয়েছে। দেশ ও বিশ্ববিদ্যালয়ভেদে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ দেওয়া হচ্ছে।

ফেয়ার কনভেনার ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ গালিব বলেন, বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা যেন সঠিক তথ্য ও দিকনির্দেশনার মাধ্যমে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে নিজেদের জায়গা করে নিতে পারেন, সেই লক্ষ্যেই এ আয়োজন। দ্বিতীয় দিনের বিপুল উপস্থিতি বিদেশে উচ্চশিক্ষা নিয়ে শিক্ষার্থীদের ক্রমবর্ধমান আগ্রহেরই প্রতিফলন।

প্রতিষ্ঠানটির ইভেন্টস অ্যান্ড সেলস বিভাগের পরিচালক আশিকুর রহমান তানভীর বলেন, মেলায় বিশ্ববিদ্যালয় নির্বাচন, স্কলারশিপ, ভিসা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার–সংক্রান্ত সব ধরনের পরামর্শ এক জায়গায় পাওয়া যাচ্ছে। যারা এখনো মেলায় আসেননি, তাদের জন্য শেষ দিনই এ সুযোগ গ্রহণের উপযুক্ত সময়।

আরও পড়ুন