সিজেডএম-এআইইউ সমঝোতা: মালয়েশিয়ায় পূর্ণ বৃত্তিতে উচ্চশিক্ষার সুযোগ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এবং মালয়েশিয়ার আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতার মাধ্যমে সিজেডএম পরিচালিত স্কুল ও কলেজগুলোর মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় পূর্ণ বৃত্তিতে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে।
সমঝোতা অনুযায়ী, নির্বাচিত শিক্ষার্থীরা আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, বিনামূল্যে আবাসন এবং মাসিক ভাতার সুবিধা পাবেন। পাশাপাশি শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি তৈরি হয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সিজেডএমের চেয়ারম্যান ও রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, করপোরেট অ্যাফেয়ার্স প্রধান কর্নেল (অব.) জাকারিয়া হোসেন, সহকারী মহাব্যবস্থাপক মনির ইবন হাফিজ ভূঁইয়া, সহকারী মহাব্যবস্থাপক আনোয়ার হোসেন এবং রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেডের কমপ্লায়েন্স ম্যানেজার মিসবাহুর রহমান আসিম উপস্থিত ছিলেন।
অন্যদিকে, আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে অনুষ্ঠানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রেসিডেন্ট প্রফেসর দাতো' ইর. ড. মোহাম্মাদ সালেহ বিন জাফার এবং উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. হাজী মোহামাদ আব্দুল্লাহ বিন হেমদি।
সিজেডএম জানিয়েছে, এই অংশীদারিত্ব বাংলাদেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।