ন্যায্য জলবায়ু রূপান্তরে আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা জরুরি: পরিবেশমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩২ এএম
আবদুল আউয়াল মিন্টু
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ন্যায্য রূপান্তর নিশ্চিত করতে উন্নত বিশ্বের পর্যাপ্ত অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিপূর্ণ ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য এমন আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন, যাতে নতুন করে ঋণের বোঝা তৈরি না হয়। জলবায়ু কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জীবিকা সুরক্ষা, কর্মসংস্থান, সামাজিক ন্যায়বিচার ও জলবায়ু সহনশীলতাকে গুরুত্ব দিতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর ব্লু জোনে জাস্ট ট্রানজিশন প্যাভিলিয়নের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের আলোচনায় তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য ন্যায্য রূপান্তর মানে শুধু স্বল্প-কার্বন অর্থনীতির দিকে এগিয়ে যাওয়া নয়; বরং জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষের জীবিকা রক্ষা, সহনশীলতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা।
তিনি জানান, বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) বাস্তবায়ন পরিকল্পনায় ন্যায্য রূপান্তর নিয়ে পৃথক ও ব্যয় নির্ধারিত অধ্যায় রাখা হয়েছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী আরও জানান, পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি নিয়েছে সরকার। এরই মধ্যে প্রায় ৩ কোটি ৬০ লাখ চারা রোপণ করা হয়েছে। এ কর্মসূচিতে প্রায় ৩ লাখ ৫০ হাজার সবুজ কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া কৃষি, মৎস্যসম্পদ ও গ্রামীণ কর্মসংস্থান বাড়াতে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনরুদ্ধারের পরিকল্পনা রয়েছে।
ন্যায্য রূপান্তরে শ্রমিক, নিয়োগকর্তা, নারী, যুবসমাজ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, নতুন শ্রমবাজারের উপযোগী দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সাশ্রয়ী অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন।
তিনি আরও বলেন, বাংলাদেশ এমন একটি দেশভিত্তিক ও চাহিদানির্ভর ন্যায্য রূপান্তর ব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে, যেখানে স্বল্পোন্নত ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হবে।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইউরোপীয় কমিশনের যৌথ আয়োজনে অনুষ্ঠানে কিরিবাতির কর্মসংস্থান ও মানবসম্পদমন্ত্রী অরিয়া কিটিনা, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ড. মাহমুদ মোহিলদিনসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং নারী ও যুবসমাজের প্রতিনিধিরা অংশ নেন।