ছুটির দিন আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫০ পিএম
ছবি: সংগৃহীত
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সাথে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর—পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামে ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার ঢাকায় বাতাসের গতিবেগ পশ্চিম বা উত্তর—পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। আজ ভোর ৬ টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত ৫টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৮ মিনিটে।