শাড়িকাণ্ডে আলাদতে আত্মসমর্পণ, জামিন পেলেন তানজিন তিশা
ডেইলি সান রিপোর্ট, বিনোদন
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১২:৫৪ পিএম
অভিনেত্রী তানজিন নাহার তিশা।
শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন নাহার তিশা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) আইনজীবীর মাধ্যমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ১২ জুলাই একই আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী নিহার হোসেন ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৫ সালের নভেম্বরে মামলাটি করা হয়। পরে আদালতের নির্দেশে গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। সম্প্রতি ডিবির দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।
গত বছরের ৫ নভেম্বর একই আদালতে অ্যাপোনিয়ার ফ্যাশনের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়, তানজিন তিশা অ্যাপোনিয়ার অনলাইন পেজে যুক্ত হয়ে বিভিন্ন শাড়ি দেখার পর ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি পছন্দ করেন। পরে শাড়িটি তার বাসায় পৌঁছে দেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, শাড়িটি পরিধান করে অ্যাপোনিয়ার পেজের প্রচারে সহযোগিতা করার জন্য তানজিন তিশাকে অনুরোধ করা হয়। তিনি বিভিন্ন ভয়েস মেসেজ ও মেসেজের মাধ্যমে এ বিষয়ে আশ্বস্তও করেন।
মামলায় আরও বলা হয়, ১৮ জানুয়ারি শাড়িটি গ্রহণের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি শাড়িটি পরে পেজটির প্রচার করেননি। একই সঙ্গে ছয় মাসের বেশি সময় ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেননি বলেও অভিযোগ করা হয়েছে।
বাদীর অভিযোগ, তানজিন তিশা প্রতারণার মাধ্যমে বিশ্বাসভঙ্গ করেছেন। মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। পরে আদালত অভিযোগের বিষয়ে ডিবিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
