জোভান-তটিনী জুটির ‘তোমাদের গল্প’র পর এবার আসছে ‘সম্পর্কের গল্প’
ফিল্মটির ট্যাগলাইন রাখা হয়েছে- ‘যে বন্ধন হারায় না’।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
গত ঈদুল ফিতরে দর্শকহৃদয় জয় করেছিল ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী জুটির ইউটিউব ফিল্ম ‘তোমাদের গল্প’।
গত আট মাসে ইউটিউবে এর ভিউ ছাড়িয়েছে প্রায় সাড়ে ৩ কোটি। সেই সাফল্যের রেশ ধরে এই জনপ্রিয় জুটি এবার হাজির হচ্ছেন নতুন চলচ্চিত্র ‘সম্পর্কের গল্প’ নিয়ে। এটিও পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ গত এক বছর ধরে ‘গল্প’ সিরিজ নিয়ে নিয়মিত কাজ করছেন। ‘তোমাদের গল্প’র পর তার পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ সিরিজের প্রতিটি পর্ব দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সেই ধারাবাহিকতায় এবার তিনি নিয়ে আসছেন ‘সম্পর্কের গল্প’। ফিল্মটির ট্যাগলাইন রাখা হয়েছে- ‘যে বন্ধন হারায় না’।
‘তোমাদের গল্প’র প্রায় পুরো টিমকেই দেখা যাবে নতুন এই ফিল্মে। আগের অভিনয়শিল্পীদের মধ্যে থাকছেন- দিলারা জামান, সাবেরি আলম ও মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু ও এমএনইউ রাজু।
নতুন করে এই প্রজেক্টে যুক্ত হয়েছেন দীপা খন্দকার, সোহেল খান ও ইসরাত।
নির্মাতা রাজ গণমাধ্যমকে বলেন, ‘পুরানো ইউনিট নিয়ে আবার একত্রিত হতে পেরে ভালো লাগছে। আশা করছি, দর্শক এই গল্পের মধ্যেও নিজেদের খুঁজে পাবেন।’
ইউটিউব ফিল্মটি রচনা করেছেন সিদ্দিক আহমেদ, যিনি এর আগে ‘তোমাদের গল্প’ এবং রাজের প্রশংসিত সিনেমা ‘ওমর’- এর চিত্রনাট্য লিখেছিলেন।
সিনেমাটির বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে একটি নতুন গান। তারিক তুহিনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। রুমি ও খেয়া গানটিতে দ্বৈতকণ্ঠ দিয়েছেন।
জানা গেছে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ইউটিউবে ‘সিনেমাওয়ালা’ চ্যানেলে মুক্তি পাবে ‘সম্পর্কের গল্প’।