সাইকো-থ্রিলার ‘নীল চোখ’ নিয়ে বড় পর্দায় বিভান বাদল
ডেইলি সান রিপোর্ট, বিনোদন
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৭ পিএম
বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে নতুন চিত্রনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছেন তরুণ অভিনেতা বিভান বাদল। ক্রেডো ক্রিয়েটিভ ফিল্ম ও বর্মন ফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নীল চোখ’-এর মাধ্যমে বড় পর্দায় নিজের অভিনয়প্রতিভা তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
গত ৩১ জুলাই জমকালো আয়োজনের মধ্য দিয়ে চলচ্চিত্র ‘নীল চোখ’-এর শুভ মহরত অনুষ্ঠিত হয়। এর আগে সিলেট, হবিগঞ্জ ও সাতছড়ির মনোরম প্রাকৃতিক পরিবেশে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়। বর্তমানে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় ছবিটির শেষ ধাপের শুটিং সম্পন্ন হয়েছে। 
পরিচালক সুপিন বর্মনের নির্মাণে ‘নীল চোখ’ একটি স্বাধীনধারার চলচ্চিত্র। বাস্তব কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত এই ছবিতে সাইকো-থ্রিলার, সেমি-হরর, রোমান্স ও পর্যটননির্ভর গল্পের সমন্বয় থাকছে। মিস্ক আল মারুফের রহস্যগল্পের মূল ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক নিজের বাস্তব অভিজ্ঞতা ও কল্পনার মিশেলে ছবিটির চিত্রনাট্য তৈরি করেছেন।
চলচ্চিত্রটির অন্যতম আকর্ষণ হবিগঞ্জের সাতছড়ির প্রাকৃতিক সৌন্দর্য। সবুজ চা-বাগান, উঁচু-নিচু টিলা, পাহাড়, ঝরনা, ছড়া ও রেস্ট হাউসের মনোরম দৃশ্যের পাশাপাশি ছবিতে তুলে ধরা হবে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর লোকজ সংস্কৃতি। নির্মাতাদের প্রত্যাশা, রহস্য ও রোমান্সের পাশাপাশি ছবিটি দর্শকদের ভ্রমণপিপাসু মনেও নতুন অনুভূতি তৈরি করবে।
অভিষেক চলচ্চিত্র ‘নীল চোখ’ নিয়ে আশাবাদী তরুণ চিত্রনায়ক বিভান বাদল ও অভিনেত্রী নুসরাত ঋতিকা। ছবিটির শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তাঁরা বলেন, “এই গল্পে ফ্যান্টাসি, হরর, ট্যুরিজম ও রোমান্স—সবকিছুরই সমন্বয় রয়েছে।
এই গল্পে যেমন পরিশ্রম, তেমনি নিজেকে মেলে ধরার সুযোগও অনেক বেশি। এখানে নিজের অভিনয়প্রতিভা তুলে ধরার দারুণ সুযোগ আছে। পাহাড়, উঁচু টিলা, ঝরনা ও ছড়ার দুর্গম পরিবেশে প্রচণ্ড গরম সহ্য করে আমরা প্রতিটি দৃশ্য সুন্দরভাবে ধারণ করার চেষ্টা করছি। পরিচালক ও সিনেমাটোগ্রাফার আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন। তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ।”