ছবি: চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক আদর আজাদের সাম্প্রতিক ফটোশুট। সংগৃহীত
সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একগুচ্ছ ছবি ও একটি ভিডিও পোস্ট করে ভক্তদের সাথে তার সাম্প্রতিক রাজকীয় ব্রাইডাল মেকওভারে কনের সাজে ফটোশুটের ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সোনায় মোড়ানো, ভালোবাসায় নোঙর করা’। এবার চমক হিসেবে এই ফটোশুটে তাঁর সঙ্গে বর বেশে হাজির হয়েছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা আদর আজাদ।
বিশেষ এই ফটোশুটে তাদের দুজনকে বিয়ের হলুদের সাজে দেখা গেছে। অপু বিশ্বাসের পরনে ছিল জলপাই রঙের নান্দনিক কাজ করা একটি লেহেঙ্গা, যার ওড়নার রঙ ছিল উজ্জ্বল হলুদ। কানে ও গলায় ভারী অলংকারে অভিনেত্রীর কনে রূপটি পূর্ণতা পেয়েছে। অন্যদিকে আদর আজাদ সেজেছিলেন লাল কাজের জমকালো এক পাঞ্জাবিতে।
ছবিগুলোতে এই জুটিকে রাজকীয় ভঙ্গিতে বিভিন্ন পোজে দেখা গেছে। কখনো অপুর লাল দোপাট্টার নিচে আদরের উপস্থিতি, আবার কখনো মুখে মিষ্টি হাসি নিয়ে দুজনকে ক্যামেরায় পোজ দিতে দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশ পেতেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই জুটি। আদর আজাদের সঙ্গে অপু বিশ্বাসের রসায়ন দেখে অনেকেই ইতিবাচক মন্তব্য করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ এমনও মন্তব্য করেছেন যে- শাকিব খানের চেয়েও আদর আজাদের পাশে অপুকে বেশি মানিয়েছে।
ফটোশুটের পোস্টে মেকওভারের নেপথ্যের কারিগরদের পাশাপাশি স্টাইলিং, কনসেপ্ট, পোশাক ও গহনার পেছনের পুরো টিমকে ধন্যবাদ ও ক্রেডিট দিয়েছেন অপু বিশ্বাস। বর্তমানে অপু ও আদর আজাদ- উভয়ের টাইমলাইনেই এই রাজকীয় ফটোশুটের ছবিগুলো শোভা পাচ্ছে এবং ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলছে।
বর্তমানে চলচ্চিত্রে কিছুটা অনিয়মিত হলেও বিভিন্ন শোরুম উদ্বোধন এবং নান্দনিক ফটোশুটে প্রায়ই ব্যস্ত সময় পার করতে দেখা যায় অপু বিশ্বাসকে।
২০০৫ সালে আমজাদ হোসেন পরিচালিত 'কাল সকালে' সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটেছিল জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের। তবে ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত 'কোটি টাকার কাবিন' সিনেমায় শাকিব খানের বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা খ্যাতি লাভ করেন তিনি।