EN ☀️
×

Follow Us

বিনোদন

শাকিবকে নিয়ে ববিতার ইচ্ছে

মানসম্মত গল্পের ব্যাপ্তি নিয়ে আবার বড়পর্দায় শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে চান কিংবদন্তি অভিনেত্রী ববিতা; ববিতার আস্থায় আপ্লুত শাকিব বললেন, ‘আমিও উদগ্রীব’

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০২:০১ এএম

শাকিবকে নিয়ে ববিতার ইচ্ছে

চলচ্চিত্রে শাকিব খানের মায়ের চরিত্রে একাধিকবার অভিনয় করে প্রশংসিত হয়েছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। ছবি: সংগৃহীত

অ অ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিংবদন্তি অভিনেত্রী ববিতার সঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। ছবিগুলোতে ববিতাকে রূপালি পর্দায় শাকিবের মায়ের চরিত্রে দেখা গেছে।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত জাকির হোসেন রাজুর ‘খোদার পরে মা’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান লাভ করেন শাকিব।

পরবর্তীতে ২০১৫ সালে নার্গিস আক্তার পরিচালিত ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় ববিতাকে শেষবার পর্দায় দেখেন দর্শক। এরপর মানসম্মত গল্প ও চরিত্রের অভাবে দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন এ গুণী অভিনেত্রী।

সম্প্রতি, ৩০ জুলাই ববিতার জন্মদিন উপলক্ষে মাছরাঙা টিভিতে প্রচারিত ‘ববিতা সমগ্র’ অনুষ্ঠানে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে আবারও শাকিব খানের সঙ্গে পর্দায় ফেরার তুমুল আগ্রহ প্রকাশ করেন ববিতা।

অনুষ্ঠানে ববিতার কাছে সঞ্চালক রুম্মান রশীদ খানের প্রশ্ন ছিল, শাকিব খানের সঙ্গে আবার অভিনয় করবেন কিনা? ববিতা বেশ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘কেন নয়, অবশ্যই ওর সঙ্গে অভিনয় করব, এর আগেও ওর সঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছি। শাকিব এখন আমাদের দেশে সিনেমার সবচেয়ে বড় অভিনেতা। তাঁর সঙ্গে সব সময়ই আমি কাজ করতে চাই।’

তিনি বলেন, ‘আমি আশা করব, নির্মাতারা শাকিব ও আমাকে নিয়ে গতানুগতিক ধারার বাইরে দারুণ একটি পারিবারিক গল্প তৈরি করবেন, যেখানে দুজনেরই অভিনয় দেখানোর সুযোগ থাকবে। মানে দুজনকে মুখ্য চরিত্রে কাস্ট করে দারুণ একটা পারিবারিক গল্প তৈরি করবেন গল্পকার। দর্শক যেন দীর্ঘদিন পরে হলেও অনবদ্য একটি গল্প ও আমাদের সমৃদ্ধ অভিনয় দেখে আপ্লুত হতে পারেন।’

শাকিব খান সম্পর্কে মূল্যায়নে ববিতা আরও বলেন, ‘নব্বই দশকে চলচ্চিত্রে আসা অভিনেতা সালমান শাহর পর শাকিব খান একজন জাত অভিনেতা। ইতোমধ্যে তাঁর দক্ষ কাজ দিয়ে সে এ কথার প্রমাণ দিয়েছে। দুঃখের বিষয় হলো- সে যখন অভিনয় শুরু করে তখন আমাদের চলচ্চিত্রে ছিল অশ্লীলতার কালো ছায়া। এতে নামিদামি নির্মাতারা চলচ্চিত্র নির্মাণ থেকে দূরে সরে যান। তাই শাকিবের মধ্যে অনবদ্য অভিনয় গুণ থাকা সত্ত্বেও তাঁকে নতুন আসা নির্মাতারা কাজে লাগাতে পারেননি। পরে কলকাতা ও এখানকার কিছু প্রতিভাবান নির্মাতার কাজ করে শাকিব তাঁর অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছে। আমি শাকিবকে বলব, তুমি এখন আমাদের দেশের চলচ্চিত্রের সবচেয়ে বড়োমাপের একজন হিরো। আমি দেশে ফিরে এলেই এ ব্যাপারে যেন নির্মাতারা উদ্যোগ নেন এবং আমরা আমাদের দর্শক এবং চলচ্চিত্র জগৎকে একটি কালজয়ী কাজ উপহার দিয়ে যেতে চাই।’

এদিকে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিনেতা শাকিব খান এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। আবেগ জড়িত কণ্ঠে তিনি বলেন, ববিতা ম্যাডাম আমাদের চলচ্চিত্র শিল্পের একজন লিজেন্ড। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অভিনেত্রী। আর এমন একজন মহান অভিনেত্রীর কাছ থেকে আমার ওপর এমন আস্থা, সত্যিই আমি গর্বিত ও মুগ্ধ। এমন একজন অসাধারণ অভিনেত্রী আবার আমার সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন, তাই তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নেই। আমিও উদ্‌গ্রীব হয়ে আছি উনার সঙ্গে আবার বড়োপর্দা শেয়ার করার জন্য।’

শাকিব আরও যোগ করেন, ‘অভিনয় পেশার শুরু থেকে আমি তেমন কিছু গুরুজন পেয়েছি, যাঁরা আমাকে সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পরামর্শ দিয়ে গেছেন। শূন্য থেকে শুরু করেছিলাম, কিন্তু তাঁদের স্নেহ-মমতা আর আশীর্বাদের শীতল পরশ সঙ্গে ছিল বলেই আমি আজকে সবার কাছে শাকিব খান। অভিনয়ে আসার পর যে কজন অভিভাবক পেয়েছি, তাদের অন্যতম ববিতা ম্যাডাম। তাঁর মতো এমন অভিজ্ঞ, দক্ষ অভিনয়শিল্পী মাথার ওপর ছায়া হয়ে থাকলে সব কিছুই সহজ হয়ে যায়। পর্দায় অসংখ্যবার দর্শক তাঁকে আমার মায়ের ভূমিকায় দেখেছেন। অথচ পর্দার বাইরেও আমার কাছে তিনি একজন মমতাময়ী মা।’

[সৌজন্যে বাংলাদেশ প্রতিদিন]

আরও পড়ুন