অ্যাপেক সম্মেলন
চীনে তাকাইচিকে অভ্যর্থনায় অবসরপ্রাপ্ত কূটনীতিক কেন ছিলেন?
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৮ এএম
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে অ্যাপেক সম্মেলনের আয়োজক শহর শেনজেনে অভ্যর্থনা ও বিদায়ের দৃশ্য জন্ম দিয়েছে নানা প্রশ্নের। ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে অ্যাপেক সম্মেলনের আয়োজক শহর শেনজেনে অভ্যর্থনা ও বিদায়ের দৃশ্য জন্ম দিয়েছে নানা প্রশ্নের। সেখানে লালগালিচায় তাঁকে সম্মান জানাতে দুই সময়েই উপস্থিত ছিলেন এক অবসরপ্রাপ্ত কূটনীতিক ঝাং কিয়ে। যেখানে অন্য দেশের নেতাদের জন্য ছিল বর্ণাঢ্য আয়োজন ও বর্তমান জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতি।
বিশ্লেষকদের মতে, এটি ছিল চীনের একটি সুচিন্তিত পদক্ষেপ, যার মাধ্যমে তারা একটি সূক্ষ্ম বার্তা দিয়েছে। চীন এখনই সম্পর্ক উষ্ণ করতে আগ্রহী না হলেও, আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করে দেয়নি।
তাকাইচিকে স্বাগত জানান বেলজিয়াম, ইন্দোনেশিয়া ও গ্রিসে দায়িত্ব পালন করা ৬৭ বছর বয়সী সাবেক রাষ্ট্রদূত ঝাং। ঝাং কিয়ে আশির দশকের শেষের দিকে টোকিওতে নিযুক্ত বেইজিংয়ের রাষ্ট্রদূত ঝাং শু-এর মেয়ে।
তখন উভয় সরকারই বাস্তববাদী নীতি ও সহযোগিতাকে অগ্রাধিকার দিয়েছিল। ১৯৮৭ সালে টোকিও অবকাঠামো খাতে ৮ হাজার ৫০০ কোটি ইয়েন ঋণ দেয়। সম্পর্কের উন্নতির ধারাবাহিকতায় ১৯৮৮ সালের আগস্টে একটি ঐতিহাসিক দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়।
সাউথ চায়না ইউনিভার্সিটি অব টেকনোলজির ইনস্টিটিউট অব পাবলিক পলিসির সহযোগী গবেষণা অধ্যাপক শু ওয়েইজুন উল্লেখ করেন, ঝাং শু-এর মেয়াদকাল দেখিয়েছিল যে দুই দেশ মিলেমিশে চলতে পারে।
শু বলেন, “সেই সময়ের সঙ্গে সরাসরি পারিবারিক সম্পর্ক থাকা একজন জ্যেষ্ঠ কূটনীতিককে দিয়ে তাকাইচিকে অভ্যর্থনা জানানোর মাধ্যমে চীন জাপানকে মনে করিয়ে দিচ্ছে যে, একসময় দুই দেশ মতপার্থক্য সামলে সহযোগিতা বজায় রাখতে পারত।”
তিনি আরও যোগ করেন, চীনের এই ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যতে দ্বিপক্ষীয় বিনিময় পুনরুদ্ধারের পথ খোলা রাখা হয়েছে।
টোকিও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শিন কাওয়াশিমাও একমত যে এর পেছনে বেইজিংয়ের একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল।
তিনি বলেন, “৮০’র দশকের শেষের দিকে তাঁর (ঝাং কিয়ে) বাবা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করায় এর মাধ্যমে যে বার্তা দেওয়া হয়েছে, তাকে চীন-জাপান সম্পর্কের ‘উন্নতির’ কিছু সম্ভাবনা—অর্থাৎ আশার ক্ষীণ আলো হিসেবে দেখা যেতে পারে।”
তবে, সম্মেলনের সময় ঝাং কিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং বিভিন্ন প্রতিনিধিদলকে স্বাগত জানানোর দলেও ছিলেন।
তাকাইচির আগমনের সময় বিমানের কেবিন এবং সিঁড়ির (এয়ারস্টেয়ার) মধ্যকার উচ্চতার ব্যবধানটিও সবার নজরে আসে। কৃত্রিম অস্থিসন্ধি (আর্টিফিশিয়াল জয়েন্ট) থাকায় স্কার্ট ও হিল জুতো পরা জাপানি প্রধানমন্ত্রীকে বিমানের দরজার ফ্রেম ধরে সামলে নিয়ে প্রথম ধাপটি নামতে হয়েছিল।
জাপানের কয়েকজন আইনপ্রণেতা অভিযোগ করেন যে চীন প্রধানমন্ত্রীকে বিব্রত করার চেষ্টা করেছে। তবে জাপানের মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা পরে নিশ্চিত করেন যে সেখানে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ছিল।
জাপানের সাবেক কূটনীতিক এবং ইনস্টিটিউট অব জিওইকোনমিকসের ভিজিটিং সিনিয়র রিসার্চ ফেলো হোতাকা মাচিদা বলেন, ঝাংয়ের অভ্যর্থনা ও বিদায় জানানো জাপানের প্রতি সদিচ্ছার চেয়ে বরং সৌজন্য রক্ষার বিষয় বলেই বেশি মনে হয়েছে।
মাচিদা বলেন, চীন জাপানের সঙ্গে সম্পর্কিত উপযুক্ত পদমর্যাদার একজনকে বেছে নিয়েছিল, কিন্তু এর অর্থ এই নয় যে চীন জাপানের সঙ্গে সম্পর্ক উন্নত করতে প্রস্তুত।
সম্মেলন চলাকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাকাইচির সঙ্গে আলাদা কোনো বৈঠক করেননি। এর বদলে তাঁরা কেবল সংক্ষিপ্ত করমর্দন করেন, যে সময় সি কোনো উত্তর না দিয়ে নীরবে মাথা নাড়েন বা তাকাইচির কথা শোনেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, মঞ্চে কোনো দোভাষীও ছিলেন না।
তাইওয়ানে হামলা হলে তা ‘জাপানের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ পরিস্থিতি’ তৈরি করতে পারে—তাকাইচির এমন মন্তব্যের পর গত এক বছর ধরে দুই দেশের সম্পর্কে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
বেইজিং তাইওয়ানকে চীনের অংশ মনে করে এবং প্রয়োজনে বলপ্রয়োগে তা একীভূত করার কথা বলে। জাপানসহ অধিকাংশ দেশই তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না।
তাকাইচির মন্তব্যকে বেইজিং জাপানের আগের সরকারগুলোর অবস্থান থেকে সরে আসা হিসেবে দেখেছিল। তবে শেনজেনে তিনি বলেন, তাইওয়ান ইস্যুতে টোকিওর অবস্থান চীন ও জাপানের সম্পর্ক স্বাভাবিক করার ১৯৭২ সালের যৌথ ইশতেহারের সঙ্গে সংগতিপূর্ণ।
দ্বিপক্ষীয় সম্পর্ক পরিচালনাকারী চারটি মৌলিক রাজনৈতিক নথির বিষয়েও টোকিওর অবস্থানে কোনো পরিবর্তন আসেনি বলে তিনি জানান।
-6afd9d4230e39.jpg)