আকস্মিক সফরে একদিনের জন্য চীন গেলেন কিম জং উন
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম
ছবি: জিনহুয়া এজেন্সি
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নিজের মৃত্যুর সমস্ত গুজব উড়িয়ে দিয়ে আকস্মিক রাষ্ট্রীয় সফরে চীন সীমান্ত পার হয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। শনিবার (২৪ অক্টোবর) তিনি দুই দেশের সীমান্ত নদী ‘য়ালু’ পার হয়ে ঐতিহ্যবাহী চীনা শহর দানদং-এ পৌঁছান।
দানদং শহরটিকে ঐতিহাসিকভাবে কোরীয় উপদ্বীপের প্রবেশদ্বার বলা হয়। যা ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশিত ছবিতে স্যুট পরিহিত হাস্যোজ্জ্বল কিম জং উনকে তাঁর মোটর শোভাযাত্রা থেকে নেমে দুই দেশের পতাকা হাতে দাঁড়ানো শিশুদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায়। তিনি সম্প্রতি চালু হওয়া একটি নবনির্মিত আন্তঃসীমান্ত সেতু দিয়ে হেঁটে চীন সীমান্তে প্রবেশ করেন।
চীনা গণমাধ্যমের বরাত দিয়ে সিবিসি নিউজ জানিয়েছে, এই সফরে কিম জং উন চীনের চতুর্থ সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা ও রাজনৈতিক পরামর্শক সম্মেলনের চেয়ারম্যান ওয়াং হুনিং এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন।
কিমের নিজস্ব প্রতিনিধি দলে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন-হুই এবং তাঁর প্রভাবশালী ছোট বোন কিম ইয়ো-জং অন্তর্ভুক্ত ছিলেন।
আনুষ্ঠানিক আলোচনা ও একটি বাস কারখানা পরিদর্শনের পাশাপাশি কিম জং উন কোরীয় যুদ্ধে প্রাণ হারানো চীনা সৈন্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে একটি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় কিম বলেন, ‘‘চীনা জনগণের শ্রেষ্ঠ সন্তানরা যে রক্তের বিনিময়ে আমাদের বিপ্লবকে সাহায্য করেছিলেন, সেই ইতিহাস আমরা চিরকাল মনে রাখব এবং দুই দেশের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করব।’’
প্রথা অনুযায়ী, দুই দেশের প্রতিনিধি দলের এই দ্বিপক্ষীয় বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে তা প্রকাশ করা হয়নি।
তবে কূটনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে যে, আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কিম জং উনের একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে। ট্রাম্প ইতিমধ্যে উত্তর কোরিয়ার সাথে পুনরায় আলোচনা শুরু করার আগ্রহ প্রকাশ করেছেন।
আগামী ১৭-১৮ নভেম্বর চীনের শেনঝেন শহরে ‘এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোপারেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে ট্রাম্পের যোগ দেওয়ার কথা রয়েছে।
উত্তর কোরিয়া অ্যাপেক-এর সদস্য রাষ্ট্র না হলেও সম্মেলনের সাইডলাইনে ট্রাম্পের সাথে বৈঠকের উদ্দেশ্যে কিম শেনঝেন সফর করতে পারেন বলে বিশ্লেষকেরা আশা করছেন।
এর আগে কিম সর্বশেষ ২০১৫ সালের সেপ্টেম্বরে চীন সফর করেছিলেন।