ছবি: সংগৃহীত
ভারতীয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ও সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কাব্য মারানকে ঘিরে বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে আগামী নভেম্বরে তাঁদের বিয়ের কথা বলা হলেও দুজনের কেউই বিষয়টি নিশ্চিত করেননি।
বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, গ্রিসে বিয়ের অনুষ্ঠান এবং ২১ নভেম্বর চেন্নাইয়ে সংবর্ধনার আয়োজন হতে পারে। তবে এসব তথ্যের আনুষ্ঠানিক নিশ্চয়তা নেই।
কাব্য মারান চেন্নাইয়ের স্টেলা মারিস কলেজ থেকে বাণিজ্যে স্নাতক ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি সান গ্রুপের প্রতিষ্ঠাতা কালানিধি মারান ও কাভেরি মারানের মেয়ে।
অন্যদিকে, অনিরুদ্ধ রবিচন্দর চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সংগীত ও সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়েও প্রশিক্ষণ নিয়েছেন তিনি। ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ গানটির মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান অনিরুদ্ধ।
বিভিন্ন গণমাধ্যমের আনুমানিক হিসাব অনুযায়ী, কাব্য মারানের সম্পদের পরিমাণ ৪০০ থেকে ৫০০ কোটি রুপি। আর অনিরুদ্ধের সম্পদের পরিমাণ প্রায় ৫০ কোটি রুপি বলে দাবি করা হয়েছে। সংগীত পরিচালক, গায়ক ও প্রযোজক হিসেবে কাজ করছেন তিনি।
অনিরুদ্ধ অভিনেতা রবি রাঘবেন্দ্রের ছেলে এবং সুপারস্টার রজনীকান্তের আত্মীয়। অন্যদিকে, কাব্য মারানের পরিবার ভারতের গণমাধ্যম, ব্যবসা ও রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর দাদা মুরাসোলি মারান ছিলেন ডিএমকে নেতা ও ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী। তিনি দয়ানিধি মারানেরও আত্মীয়। মারান ও করুণানিধি পরিবারের সম্পর্কের সূত্রে কাব্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পরিবারের সঙ্গেও আত্মীয়তার বন্ধনে যুক্ত।