EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জ্বালানি রূপান্তরের বাস্তবতা ও করণীয় নিয়ে ‘এনার্জি টক-৪’ অনুষ্ঠিত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৮:৪৫ পিএম

জ্বালানি রূপান্তরের বাস্তবতা ও করণীয় নিয়ে ‘এনার্জি টক-৪’ অনুষ্ঠিত
অ অ

বাংলাদেশে ন্যায়সঙ্গত, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্য নিয়ে ‘এনার্জি টক-৪: ট্রানজিশন রিয়েলিটি ইন বাংলাদেশ’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের জ্বালানি খাতের বর্তমান বাস্তবতা, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা, আন্তর্জাতিক বাণিজ্য ও নীতিগত পরিবর্তনের প্রভাব এবং জ্বালানি রূপান্তরে নাগরিক সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন জ্বালানি বিশেষজ্ঞ, গবেষক ও পরিবেশ আন্দোলনের প্রতিনিধিরা।

ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ডিআরডিএফ) সভাপতি এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের বিভিন্ন অধিবেশন অনুষ্ঠিত হয়।

‘বাংলাদেশে জ্বালানি রূপান্তরের যৌক্তিকতা’ বিষয়ে বক্তব্য দেন ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) লিড এনার্জি অ্যানালিস্ট শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশের জ্বালানি সংকটের মূল কারণ শুধু জ্বালানির ঘাটতি নয়, বরং আমদানি-নির্ভরতার ক্রমবর্ধমান ঝুঁকি। তাঁর মতে, এই পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং নিজস্ব সম্পদের সর্বোচ্চ ব্যবহারই হতে পারে টেকসই জ্বালানি রূপান্তরের কার্যকর পথ। তিনি আরও বলেন, জ্বালানি রূপান্তরের গতি ত্বরান্বিত করার এখনই উপযুক্ত সময়।

‘পারস্পরিক বাণিজ্য চুক্তির জ্বালানি রূপান্তরে সম্ভাব্য প্রভাব’ বিষয়ে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও জ্বালানি গবেষক ড. মোশাহিদা সুলতানা। তিনি বলেন, জ্বালানি নীতি শুধু প্রযুক্তি বা অর্থনীতির বিষয় নয়; এর সঙ্গে বাণিজ্য, ভূরাজনীতি এবং জাতীয় স্বার্থও গভীরভাবে জড়িত। তাঁর মতে, যেকোনো আন্তর্জাতিক চুক্তি এমন হওয়া উচিত, যা বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের পথকে শক্তিশালী করবে।

‘জ্বালানি রূপান্তরের আন্দোলন’ বিষয়ে বক্তব্য দেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী এবং ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা)-এর সদস্যসচিব শরীফ জামিল। তিনি বলেন, জ্বালানি রূপান্তর বাংলাদেশের সময়ের দাবি। জীবাশ্ম জ্বালানির দূষণ, আমদানি-নির্ভরতা ও জলবায়ু ঝুঁকি থেকে বেরিয়ে এসে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর, ন্যায়ভিত্তিক ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রকৃতি ধ্বংস করে এবং মানুষের জীবিকাকে হুমকির মুখে ফেলে এমন কোনো উন্নয়ন প্রকল্প টেকসই হতে পারে না। বাংলাদেশের জ্বালানি রূপান্তরের আন্দোলন পরিচ্ছন্ন, ন্যায়ভিত্তিক ও টেকসই হওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে জ্বালানি বিশেষজ্ঞ, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, উন্নয়নকর্মী, পরিবেশ আন্দোলনের প্রতিনিধি, তরুণ নেতৃত্ব এবং বিভিন্ন সহযোগী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। প্রতিটি উপস্থাপনার পর প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তারা বাংলাদেশের জ্বালানি খাতকে আরও স্বচ্ছ, টেকসই, পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল করে গড়ে তুলতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার, নীতিগত সংস্কার, গবেষণা, প্রযুক্তি স্থানান্তর এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

‘ধরা’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে ব্রতি, ব্রাইটার্স, বেঙ্গল পিস ফাউন্ডেশন, ক্লাইমেট ফ্রন্টিয়ার, ডিআরডিএফ, মিশন গ্রিন বাংলাদেশ, ওএবি ফাউন্ডেশন, রিভার অ্যান্ড সোস্যাল ডেভেলপমেন্ট, তরঙ্গ ফাউন্ডেশন, সচেতন ফাউন্ডেশন, গ্লোবাল ল’ থিংকার সোসাইটি (জিএলটিএস), ইয়ুক্যান, ইয়ুথ এনভাইরনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইয়েডো) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, গবেষণা ও নীতিগত সংলাপ জোরদার এবং তরুণদের সম্পৃক্ততা বাড়াতে ‘এনার্জি টক’ ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

আরও পড়ুন