EN ☀️
×

Follow Us

বাণিজ্য

বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ও মেঘনা সিমেন্টের সঙ্গে গুয়াংসি ইউফেংয়ের চুক্তি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম

বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ও মেঘনা সিমেন্টের সঙ্গে গুয়াংসি ইউফেংয়ের চুক্তি

ছবি: কামরুল ইসলাম রতন।

অ অ

সিমেন্ট উৎপাদনে প্রযুক্তিগত সহযোগিতা, প্রযুক্তি হস্তান্তর ও সম্ভাব্য বিনিয়োগের লক্ষ্যে চীনের গুয়াংসি ইউফেংকোং লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড (বিআইসিএল)। এ অংশীদারির মাধ্যমে সিমেন্ট উৎপাদনপ্রক্রিয়ার আধুনিকায়ন, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানগুলো।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা সুপারগলফে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বিআইসিএলের পক্ষে এতে স্বাক্ষর করেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান সাফওয়ান সোবহান। গুয়াংসি ইউফেংয়ের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লেই ঝেনবিন।

সমঝোতা অনুযায়ী, মেঘনা সিমেন্ট ও বিআইসিএলকে উল্লেখযোগ্য বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে গুয়াংসি ইউফেং। এ ছাড়া সিমেন্ট উৎপাদন-সংশ্লিষ্ট প্রযুক্তি হস্তান্তর, কারিগরি জ্ঞান ও দক্ষতা বিনিময় এবং কৌশলগত বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানগুলো। সহযোগিতার পরিধি ও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে দুই পক্ষের আলোচনা অব্যাহত থাকবে। 

‘বাংলাদেশ অ্যান্ড চায়না: বিল্ডিং দ্য ফিউচার টুগেদার’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদার এবং দেশের সিমেন্টশিল্পের উন্নয়নে এ অংশীদারি নতুন সম্ভাবনা তৈরি করবে। দুই পক্ষের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে উৎপাদনপ্রক্রিয়ার আধুনিকায়ন, দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।

বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের চিফ অপারেটিং অফিসার (সিওও) শাহেদ জাহিদ বলেন, সিমেন্ট কারখানা ও শিল্পপ্রতিষ্ঠানের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে গুয়াংসি ইউফেংয়ের উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে। বর্তমান বিশ্ববাজারের অস্থিরতা, নৌপথে পণ্য পরিবহনের জটিলতা এবং বিশ্বজুড়ে যুদ্ধের কারণে সরবরাহব্যবস্থায় বিঘ্নের প্রেক্ষাপটে এ সহযোগিতা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, গুয়াংসি ইউফেংয়ের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগিয়ে সরবরাহব্যবস্থাকে আরও দক্ষ ও কার্যকর করতে চান তাঁরা। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের প্রযুক্তি ও উৎপাদনপ্রক্রিয়ার দক্ষতা বাড়ানোও এ সহযোগিতার অন্যতম লক্ষ্য।

গুয়াংসি ইউফেংয়ের চেয়ারম্যান লেই ঝেনবিন বলেন, চীনের সিমেন্ট উৎপাদনশিল্পে সিনোমা শিয়ামেন অন্যতম পুরোনো ও বৃহৎ প্রতিষ্ঠান। সিমেন্টশিল্পের জন্য প্রতিষ্ঠানটির সমন্বিত সরবরাহব্যবস্থা ও উন্নত উৎপাদনপ্রযুক্তি রয়েছে। বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি সাফওয়ান বসুন্ধরা গ্রুপের সঙ্গে সহযোগিতার সুযোগ পেয়ে তাঁরা কৃতজ্ঞ। যৌথভাবে বাংলাদেশের সিমেন্টশিল্পের পরিবর্তন ও উন্নয়নে কাজ করতে চান তাঁরা। 

অনুষ্ঠানে মেঘনা সিমেন্ট ও বিআইসিএলের কর্মকর্তাদের পাশাপাশি সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গুয়াংসি ইউফেংয়ের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপপ্রধান প্রকৌশলী দেং ইউলিয়ানসহ অন্য কর্মকর্তারা।

এ ছাড়া অনুষ্ঠানে সিনো বিডি এনার্জি প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ছিন ইয়ানশিয়ং, জেনারেল ম্যানেজার ইয়ে ঝেনহং এবং ইয়ুনহাই মাইনিং গ্রুপের চেয়ারম্যান ওয়ে গুয়াংহাই উপস্থিত ছিলেন।

মেঘনা সিমেন্ট ও বিআইসিএল জানিয়েছে, গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে এ অংশীদারি প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ তৈরি করবে। একই সঙ্গে সিমেন্ট খাতে পারস্পরিক সহযোগিতা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ উদ্যোগের বিকাশে এ সমঝোতা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠান দুটি।

আরও পড়ুন