EN ☀️
×

Follow Us

আবহাওয়া

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি

ডেইলি সান রিপোর্ট, চুয়াডাঙ্গা

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০১ এএম

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি

ছবি: সংগৃহীত

অ অ

কুয়াশা আর হিমেল বাতাসে চুয়াডাঙ্গায় জেঁকে বসতে শুরু করেছে শীত। তাপমাত্রা কমে যাওয়ায় বাড়ছে শীতের অনুভূতি। এর প্রভাবে একদিকে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা, অন্যদিকে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে উঠেছেন মৌসুমি গাছিরা। তবে শীতের আগমনীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। এটি চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান। তিনি বলেন, তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি বেড়েছে।

এদিকে শীতের প্রভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, গত সপ্তাহের তুলনায় হাসপাতালের বহির্বিভাগে রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। রোটা ভাইরাসজনিত ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসছেন তারা।

শীতের আগমনে নতুন কর্মব্যস্ততা তৈরি হয়েছে মৌসুমি খেজুর গাছিদের মধ্যে। ইতোমধ্যে খেজুরগাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি হিসেবে নল বসানোর কাজ শুরু করেছেন তারা। গাছিদের আশা, আর কয়েক দিনের মধ্যেই বাজারে পাওয়া যাবে টাটকা খেজুরের রস ও গুড়।


চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামের তরুণ গাছি সাদ্দাম হোসেন বলেন, খেজুরগাছ থেকে রস সংগ্রহ তাদের পারিবারিক পেশা। তার বাবা ও দাদারাও এ কাজ করতেন। এখন তিনি সেই ঐতিহ্য ধরে রেখেছেন। অল্প কয়েক দিনের মধ্যেই রস সংগ্রহ শুরু হবে। অন্য বছরের মতো এবারও উৎপাদিত গুড় দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশেও পাঠানোর পরিকল্পনা রয়েছে।

তবে শীতের শুরুতেই সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। জীবিকার তাগিদে ভোরের ঠান্ডা বাতাস উপেক্ষা করে রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি নিয়ে রাস্তায় নামতে হচ্ছে তাদের। শীতের কারণে যাত্রী কমে যাওয়ায় আয়ও কমে গেছে।

চুয়াডাঙ্গা শহরের রিকশাচালক জালাল উদ্দিন বলেন, গত দুই দিন ভোরে বাড়ি থেকে বের হলেই শরীরে কাঁপুনি ধরে। রাস্তায় যাত্রীও আগের তুলনায় কম। তারপরও জীবিকার প্রয়োজনে রিকশা চালাতে হচ্ছে।

দিনমজুর রফিকুল ইসলাম বলেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে কাজের সুযোগ কমে যায়। সকালে তেমন কেউ কাজে ডাকেন না। দুপুরে রোদ ওঠার পর মাঠে কাজ করার সুযোগ হয়।

আরও পড়ুন