পঞ্চগড়ে ১৬.১ ডিগ্রিতে নামল তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
ডেইলি সান রিপোর্ট, পঞ্চগড়
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০১:০৯ পিএম
উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ওঠানামা করছে। দিনের বেলায় রোদের তীব্রতা থাকলেও রাতে অনুভূত হচ্ছে ঠান্ডা। গভীর রাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও দেখা মিলছে কুয়াশার। ফলে দিন ও রাতের আবহাওয়ায় স্পষ্ট পার্থক্য অনুভব করছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯০ শতাংশ।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, রবিবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সকালে কুয়াশা ও ঠান্ডার অনুভূতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মেলে সূর্যের। বাড়তে থাকে রোদের তীব্রতাও। এতে দিনের তুলনায় রাতে আবহাওয়া বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, এ সময় আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দিন ও রাতের তাপমাত্রায় ওঠানামা হতে পারে। ধীরে ধীরে শীতের অনুভূতিও বাড়তে পারে।
এদিকে, আবহাওয়ার এমন পরিবর্তনের প্রভাব পড়ছে জনস্বাস্থ্যেও। স্থানীয়ভাবে সর্দি-কাশিসহ বিভিন্ন মৌসুমি অসুস্থতায় আক্রান্ত হচ্ছেন অনেকে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে এসব অসুস্থতার প্রবণতা বেশি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।