EN ☀️
×

Follow Us

আবহাওয়া

ঈদের দিন সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় দুই দফা বর্ষণের শঙ্কা

ভোরে ও শেষ বিকেলে বৃষ্টি, তবে জামাতের সময় আবহাওয়া অনুকূল থাকার সম্ভাবনা

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০২:৫৪ এএম

ঈদের দিন সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় দুই দফা বর্ষণের শঙ্কা

ছবি: সংগৃহীত

অ অ

কোরবানির ঈদের দিন বৃহস্পতিবার সারাদেশে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা বেশি। ঢাকায় ভোরবেলা ও শেষ বিকেলে দুই দফা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, ঈদের দিন রাজধানী ঢাকায় দুটি সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে— ভোরবেলা থেকে সকাল দশটা পর্যন্ত এবং শেষ বিকেল বা সন্ধ্যার দিকে। তবে সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুবই কম।

তিনি বলেন, ‘ঈদের দিন ঢাকায় সর্বোচ্চ ১০ থেকে ২০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেটিও ঢাকা বিভাগের দুয়েকটি জায়গায়, সব জায়গায় নয়।’ এর অর্থ হলো ঈদের জামাতের সময় আবহাওয়া তুলনামূলক অনুকূল থাকার সম্ভাবনাই বেশি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ২৬ থেকে ৫০ শতাংশ এলাকায় এবং ঢাকাসহ অন্যান্য বিভাগের ১ থেকে ২৫ শতাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ ও সিলেটে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। তুলনামূলক কম বৃষ্টি হতে পারে খুলনা ও রংপুর বিভাগে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ‘মে মাস বজ্রঝড় ও শিলাবৃষ্টির মাস। এই মাসে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়, যা থেকে অল্প সময়ের মধ্যে ভারি বৃষ্টিপাত হতে পারে।’ তিনি জানান, বজ্রবৃষ্টির সঠিক পূর্বাভাস তিন থেকে চার ঘণ্টা আগে বলা সম্ভব হয়।

মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের কিছু জায়গায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ঈদের আগের দিন বুধবার সারাদেশের প্রায় সব বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মল্লিক জানান, ‘আগামী দুই দিনে ঢাকায় প্রতিদিনই অন্তত এক থেকে দুই পসলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে মঙ্গলবারের চেয়ে বুধবার অর্থাৎ হাটের শেষ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক বেশি।’

সোমবার দুপুরে ঢাকায় ভারি বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। পশুর হাটগুলোতে পানি জমে যাওয়ায় বিক্রেতাদের পশু নিয়ে কাদাপানিতে অপেক্ষা করতে হয়, ক্রেতাও ছিলেন কম। আগামী দুই দিনও বৃষ্টি অব্যাহত থাকলে হাটে ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ঈদের পরদিন শুক্রবার সারাদেশে দমকা ও ঝড়ো হাওয়াসহ ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন